ভাস্কর মান্না :
সামনে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের আগে সংসদের শেষ দিনের অধিবেশনে, বিরোধীদের চরম অস্বস্তিতে ফেলে নরেন্দ্র মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেন প্রাক্তন সপা প্রধান মুলায়ম সিং যাদব।
লোকসভার সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা শুরু করেছিলেন সমাজবাদী পার্টির নেতাজি। এরইমধ্যে বিদায়ী বক্তৃতায় মোদিকে উদ্দেশ্য করে বলেন, “আপনি যাতে আবার প্রধানমন্ত্রী হোন, সেই কামনা রইলো। আমি যখনই কোনো কাজ নিয়ে আপনার কাছে গিয়েছি, আপনি তখনই তা করে দিয়েছেন। এটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।” এরপর হাসিমুখে মোদি ও মুলায়মের মধ্যে নমস্কার বিনিময় হয়। পাশাপাশি মুলায়ম আরও বলেন, সকলকে এক সঙ্গে নিয়ে চলার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কেউ তাঁর দিকে আঙ্গুল তুলতে পারবে না। আপনি খুব ভালো কাজ করেছেন। এভাবেই মোদী বন্দনায় মুলায়ম যখন মগ্ন, ঠিক তখন তার পাশে বসে রয়েছেন সোনিয়া গান্ধী। তিনি অস্বস্তিতে পড়ে মুখ ঘুরিয়ে নিলেন। প্রবীণ সাংসদের মুখে এ কথা শুনে আপ্লুত হয়ে বিজেপি সাংসদেরা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে থাকে। তবে লোকসভা ভোটের আগে প্রকাশ্যে নরেন্দ্র মোদির এভাবে প্রশংসা একটা তাৎপর্য বয়ে নিয়ে যায়।
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব বাবা মুলায়ম সিং যাদবের এমন মন্তব্যে বিপাকে পড়েছে। কারণ বিজেপি বিরোধী মুখ হিসেবে তিনি অন্যতম। সম্প্রতি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে যাবার মুখে যোগী পুলিশের কাছে বাধা পেয়ে সেই তিক্ততা আরও তীব্র আকার নিয়েছে। এছাড়া কিছু দিন আগে বালি খনন মামলায় অখিলেশকে পুলিশি জেরার মুখোমুখি হতে হয়েছে। এমনকি শোনা যাচ্ছে যে সপার সঙ্গে বসপার জোট হয়েছে, সেটাও নাকি মন থেকে মেনে নিতে পারেনি মুলায়ম। এছাড়া দলের বিভিন্ন কাজে নিজেকে ব্রাত্য রেখেছেন তিনি। ভাই শিববাল যাদবের নতুন দলের সঙ্গে ঘনিষ্ঠতা দেখা গিয়েছে তাঁর। সব মিলিয়ে যাদব পরিবারের দ্বন্দ আবারও সামনে আসছে। সর্বোপরি মুলায়মের এই অবস্থান উত্তর প্রদেশের রাজনীতিতে বাড়তি অক্সিজেন জোগাবে বিজেপিকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news