নীল রায়।
রাজ্য বিধানসভায় কি বিরোধী দলের আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি? এমনই আলোচনা শুরু হয়েছে কংগ্রেস ও বাম পরিষদীয় দলের অন্দরমহলে। বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতার পদে রয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান। যিনি ২০১৬ সালের বিধানসভা ভোটে চাঁপদানি কেন্দ্র থেকে জয়ী হয়ে পঞ্চম বারের জন্য বিধানসভার সদস্য হয়েছেন। তিন বছর আগে ৪৪ জন বিধায়ক নিয়ে শুরু করা মান্নান সাহেবের হাতে এখন রয়েছেন মাত্র ২৭ জন বিধায়ক। আবার ৩২ জন বাম বিধায়ক নিয়ে পরিষদীয় দলের মর্যাদা পাওয়া বামফ্রন্টও হারিয়েছে ৬ জন বিধানসভার সদস্য। প্রকৃতার্থে দুই দলের কাছেই বিরোধী আসনে বসার ম্যাজিক ফিগার নেই। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে ৩০ জন বিধায়কের প্রয়োজন। লোকসভা ভোটের সঙ্গে রাজ্যে যে আটটি বিধানসভার উপ নির্বাচন হয়েছে, তাতে চারটিতে জয়ী হয়েছে বিজেপি। এর আগে মাত্র ৩ জন বিধায়ক ছিল বিজেপির। খড়গপুর সদরের বিধায়ক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় তাঁর আসনটি শূন্য হওয়া নিশ্চিত। তাই রাজ্য বিধানসভায় বিজেপির এখন ৬ জন বিধায়ক রয়েছেন। ঘটনাচক্রে, কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূল ভেঙে বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন। যার মধ্যে অন্যতম মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়, হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়, লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, কংগ্রেসের বিধায়ক দুলাল বর ও তুষারকান্তি ভট্টাচার্য্য বিজেপিতে যোগ দিয়েছেন ইতিমধ্যে। এই সমস্ত বিধায়কদের বিজেপির অনুকূলে ধরলে দেখা যাবে মোট ১১ জন বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভায় পেয়ে গিয়েছে বিজেপি। সূত্রের খবর, বাম, কংগ্রেস ও তৃণমূল থেকে আরও বেশকিছু বিধায়ক খুব শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন বলে খবর। কংগ্রেস শিবির থেকে ১৫ জন ও বাম শিবির থেকে ১০ জন বিধায়ক বিজেপিতে যোগ দিলে দলত্যাগী আইনের আওতায় পড়বেন না বিধায়করা। কারণ সংসদীয় রাজনীতিতে কোনও পরিষদীয় দলের দুয়ের তিন অংশ নির্বাচিত বিধায়ক দলবদল করলে তাদের বিধায়ক পদ খারিজ হয় না। তাই বিজেপির অনুকূলে থাকা ১১ জন বিধায়কের সঙ্গে আর ১৯ জন বিধায়ককে জুড়ে দিতে পারলেই রাজ্যে বিধানসভায় বিরোধী দলের দাবিদার হতে পারে বিজেপি। তবে সংসদীয় গণতন্ত্রে সব কিছুই নির্ভর করে বিধানসভার স্পিকারের ওপর। তাই বিজেপি বিরোধী পদ পাওয়ার “ম্যাজিক ফিগার’ জোগাড় করে নিলেও, রাজনৈতিক ভাবে তাদের রুখতে স্পিকারের ক্ষমতা ব্যবহার করে তা আটকানোর চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে নিশ্চিত বাংলা রাজনৈতিক মহল!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news