সূর্য সরকার।
হাওডার উলুবেড়িয়ায় দু’দিনের সভার শেষে রবিবার বক্তব্য রাখেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তাঁর বক্তৃতায় তিনি সব সংগঠনকেই বিভিন্ন সামাজিক ইস্যুতে এক যোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। সাংগঠনিক কাঠামো মজবুত করার পাশাপাশি বলেছেন, সকলকে এক সঙ্গে চলতে হবে। এই বৈঠকে রাজ্য বিজেপির (BJP) বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যাঁরা অন্য দল থেকে বিজেপিতে আসছেন তাঁদের প্রতি কেমন মনোভাব থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপির অভ্যন্তরে বিতর্ক রয়েছে। মুকুল রায় (Mukul Roy) যেখানে দল বড় করতে, তৃণমূলের সংগঠন দুর্বল করতে সকলের জন্য দরজা খোলা রাখার পক্ষপাতী ছিলেন। সেখানে দিলীপ ঘোষের ছিল ভিন্ন মত। পরে দুর্গাপুরের সভার পর অবশ্য দিলীপ ঘোষ মুকুলের মতেই সায় দিয়েছিলেন। এদিন উলুবেড়িয়াতেও সরসঙ্ঘচালক মোহন ভাগবতের বক্তব্যেও মুকুলের মতের সমর্থন পাওয়া গেল।
এদিন ভাগবত বলেন, “যাঁরা আসছেন তাঁদের স্বাগত জানাতে হবে। এটাই সঙ্ঘের আদর্শ। তবে, তাদেরও অনুশাসন শিখতে হবে সংঘের।” এছাড়াও সূত্রের খবর, মোহন ভাগবতের বক্তব্যে উঠে আসে এই রাজ্যের চিরকালীন সমস্যা সীমান্ত সুরক্ষার বিষয়। অনুপ্রবেশ নিয়ে সব সংগঠনকেই কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই প্রসঙ্গেই এসেছে এনআরসি-র কথা। মোহন ভাগবতের স্পষ্ট বার্তা, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের এই দেশের নাগরিকত্ব দিতেই হবে। অসমে এনআরসি-র তালিকায় বহু হিন্দুর নাম বাদ গিয়েছে। জানা গিয়েছে, অসমের মতো পরিস্থিতি যাতে বাংলায় তৈরি না হয় তার জন্য এখন থেকেই লক্ষ্য স্থির করা প্রয়োজন বলেও বার্তা দিয়েছেন ভাগবত।
চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতা সফরে এলেন ভাগবত।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দু’দিনের জন্য কলকাতা ঘুরে গিয়েছিলেন তিনি। সেই সময় আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংঘপ্রধানের কোনও সাংগঠনিক কর্মসূচি নেই। যদিও সেই সময় বিজেপি সহ সংঘ পরিবারের শীর্ষ মহলের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন ভাগবত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news