নিজস্ব সংবাদদাতা:
রাজ্য জুড়ে শাসক দলের সন্ত্রাসের বার্তা পৌঁছে দিতে আহতদের নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়। বুধবারই তাঁদের সঙ্গে রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাতের কথা।
মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই গোটা রাজ্যের সঙ্গে বীরভূম জেলা জুড়ে সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। সর্বত্র মনোনয়ন কেন্দ্রের সামনে শাসক দলের কর্মীরা সশস্ত্র অবস্থায় জমায়েত হয়। ফলে বিরোধীরা মনোনয়ন জমা দিতে যেতে পারেনি। কোথাও কোথাও অতি উৎসাহে মনোনয়ন জমা দিতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছেন বিরোধীরা। এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এরকম পঞ্চাশজনকে নিয়ে মঙ্গলবার বিকেলে দিল্লি রওনা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। তার মধ্যে আটজন বীরভূমের। লাভপুর থেকে দিল্লি যাচ্ছেন জয়দেব দত্ত এবং মলয় চট্টোপাধ্যায়। লাভপুরে মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মার খান তাঁরা। সিউড়ি থেকে যাচ্ছেন দলের জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল। তাঁকে সিউড়ি জেলাশাসকের অফিসের সামনে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ক্ষতস্থানে তাঁর চারটি সেলাই দিতে হয়েছে। দুবরাজপুর থেকে যাচ্ছেন সন্দীপ আগরওয়াল। তিনি প্রথম দিন মনোনয়ন জমা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রহৃত হন। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। নলহাটির গোবিন্দ সাহু, তুফান লেট ও কৃষ্ণ লেট। ৫ এপ্রিল মনোনয়ন জমা দিতে দলীয় অফিসে জমায়েত হন। বিনা প্ররোচনায় পুলিশ লাঠি চার্জ করে। পুলিশের লাঠির ঘায়ে কারও পা ভাঙে, কারও মাথা ফাটে। তাঁদের নিয়েই দিল্লি গেলেন মুকুল রায়। বিজেপির বীরভূম জেলা অবজারভার সমীরণ সাহা বলেন, “আক্রান্তদের নিয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং দলের সর্বভারতীয় সভাপতি অমিত শা’র সঙ্গে দেখা করবেন। রাজ্যের সন্ত্রাসের অবস্থা তুলে ধরা হবে”।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news