চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল (TMC) সরকারকে উৎখাত করতে তৈরি হন সকলে।” শনিবার হাসপাতাল থেকে ছুটি পেয়েই রাজ্য বিজেপির সকল কর্মী সমর্থকদের এমনটাই বার্তা দিলেন মুকুল রায় (Mukul Roy)। দিন কয়েক আগে গলব্লাডারের স্টোনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ল্যাপ্রোস্কপি করে গলব্লাডারের স্টোনটি বার করা হয় তাঁর। তারপর হাসপাতালে দিন দুয়েকের বিশ্রামের পর আজ ছুটি পান তিনি। ছুটি পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট করেন এই বিজেপি (BJP) নেতা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় যারা শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে মুকুল লিখেছেন, “আমার দ্রুত আরোগ্য কামনার জন্য অসংখ্য মানুষ যারা প্রার্থনা করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাই আমার শক্তি। আমি সম্পূর্ণ সুস্থ আপনাদের সকলের আশীর্বাদে।”
২০১৭ সালের ৩ নভেম্বর যে সঙ্কল্প নিয়ে তিনি বিজেপি-তে যোগদান করেন। সেই সঙ্কল্পই ফের এদিন উচ্চারণ করে মুকুল রায় লিখেছেন, “পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে তৈরি হন সকলে। এবারের নির্বাচন হবে সোনার বাংলা তৈরির নির্বাচন।” এরপর তাঁর আরও সংযোজন, “দেখা হবে আপনাদের সকলের সাথে লড়াইয়ের ময়দানে।” প্রসঙ্গত, শারদোৎসবের আগেই কেন্দ্রীয় বিজেপির সহ সভাপতি হয়েছেন মুকুল রায়। তাই পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের জয়ধবজা ওড়াতে তাঁর ভুমিকা যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাও এদিনের পোস্ট থেকে স্পষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news