নীল বণিক:
মমতা তো ফাইল লোপাটের পেটেন্ট নিয়েছেন, কটাক্ষ মুকুলের। সম্প্রতি রাফেলের ফাইল হারানো নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে শুক্রবার বিজেপির রাজ্য সদর দফতরে বসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ শানালেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, আগে নিজের ঘরটা দেখুন। তারপর অন্যের গৃহে প্রবেশ করবেন। সরাসরি মমতাকে তোপ দেগে তিনি এদিন বলেন, কীভাবে ফাইল লোপাট করতে হয় তা আপনার থেকে ভালো কেউ জানে না।
এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তথ্য পরিসংখ্যান দিয়ে আক্রমণ করেন মুকুল রায়। তিনি বলেন, রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আদালতে একটি মামলা চলছিল। সেই মামলায় হাইকোর্টে এজি জানিয়েছিলেন ফাইল পাওয়া যাচ্ছে না। মমতার গড়া বিচারপতি সুশান্ত উপাধ্যায় কমিশানের ফাইলও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিল রাজ্য। অন্যদিকে বারাসতের একটি খুনের ঘটনার ফাইল লোপাট হয়ে গিয়েছে। এইরকম বহু উদাহরণ দিতে পারি। তাই ফাইল লোপাট নিয়ে মমতার প্রশ্ন তোলা একদম মানায় না বলে জানান মুকুল রায়।
এমনকি রাফায়েলের ফাইল নিয়ে মমতা বেশি হইচই করলে মুকুলের চ্যালেঞ্জ, আপনার একের পর এক ফাইল হারানো নিয়ে প্রশ্ন তোলা হবে। তখন রাজনীতি বুমেরাং হয়ে যাবে বলে হুমকি দেন মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news