দেবক বন্দ্যোপাধ্যায়
ও নীল বণিক
তাঁর মুকুটের পালক একে একে খুলে নেওয়ার খবর তিনি পাচ্ছিলেন সংবাদমাধ্যম মারফৎ। সংসদে স্থায়ী কমিটির সভাপতির পদ, কমিটির সদস্যের পদ, দলের সহ সভাপতির পদ, সবই তাঁর থেকে ‘কেড়ে’ নেওয়া হয়েছে তাঁকে না জানিয়ে। এবার তিনিও তাই করলেন। দলকে না জানিয়েই ফিরিয়ে দিলেন সরকারি নিরাপত্তা।
সর্বনাম পদটি এখানে কার জন্য ব্যবহার করা হচ্ছে তা এই সময় আর বলার অপেক্ষা রাখে না। যাঁরা রাজনীতির ন্যূনতম খবর রাখেন তাঁরা জানেন তৃণমূলে এখন ‘মুকুল বিদায়’ পালা চলছে। এতদিন খবরের কাগজ পড়ে বা সাংবাদিকদের কাছ থেকে মুকুল জানতে পারছিলেন, আজ তাঁর এই চেয়ারটা চলে গেল কাল গেল ওই চেয়ারটা। আঁচ করতে পারছিলেন, তাঁর নিরাপত্তাও এবার তুলে নেওয়া হবে। ২০১৫-তে একবার তুলে নেওয়া হয়েওছিল। তখন সবে মতবিরোধ শুরু হয়েছে। তারপর আবার আগুনে ছাইচাপা দিয়ে এক বছরের বেশি সময় কেটে গেছে। তবে এবার আগুনের আঁচ এতটাই যে সৌজন্য, ভদ্রতা, কোনও কিছুর পোষাকই আর গায় রাখতে পারছে না নেতৃত্ব! অন্তত বিষয়টিকে এভাবেই দেখছেন মুকুল অনুগামীরা।
মমতার থেকে আসা সবকটি বাউন্সার এতদিন ‘ডাক’ করেছেন মুকুল রায়। ক্রিকেটে বল ছেড়ে দেওয়াটাও খেলা। মুকুল বুঝিয়েছেন, রাজনীতিতেও তাই। কয়েকদিন আগে ক্রিজে টিঁকে থাকার কথা বলেছেন মুকুল। এবার খেলেও দেখালেন! তাঁর নিরাপত্তা তুলে নেওয়া সংক্রান্ত মমতার ইয়র্কার এবার ক্রিজ ছোঁয়ার আগেই মাঠের বাইরে পাঠালেন মুকুল। মুখ্যমন্ত্রী তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার আগেই ছেড়ে দিলেন নিজেই।
তাঁর অনুগামীদের বক্তব্য, “দাদা এখন একজন সাধারণ সাংসদ মাত্র, কেন নেবেন নিরাপত্তা?”
মুকুলের নিরাপত্তা প্রসঙ্গে আলোচনায় আরও একটি প্রসঙ্গ দলের বেশিরভাগ শিবিরে মাথা তুলছে। প্রশ্ন উঠছে যে দলে শুরুর দিনের নেতাদের, দুর্দিনের নেতাদের, সম্মানের নিরাপত্তা নেই, স্থায়ীত্বের নিরাপত্তা নেই, সেই দলে পুলিশি নিরাপত্তার মূল্য কতটুকু!
এ হেন নিরাপত্তাহীনতা এখন ছড়িয়ে পড়েছে গোটা দলে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news