নীল রায়:
মুকুলের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন না তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবার কলকাতা প্রেস ক্লাবের মিট দ্য প্রেস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি মুকুল রায় দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের ১২২ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগে রয়েছেন। এবং লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর যে সমস্ত বিধানসভায় বিজেপি এগিয়ে যাবে, সেইসব এলাকার তৃণমূল বিধায়ক দলবদল করে বিজেপিতে আসবেন। মুকুল আরও দাবি করেন, আগামী নভেম্বর মাসেই বিজেপির নতুন সরকার গঠন হবে পশ্চিমবঙ্গে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বরং মুকুল রায়ের নাম মুখে আনতে দ্বিধাগ্রস্থ হন তৃণমূল নেতা। একসময় বলে বসেন, বড়জোর ওদের নেতা দিলীপ ঘোষের কথার জবাব দিতে পারি। আর কোনও নেতার কথার জবাব আমি দেব না। রাজনৈতিক মহলের মতে, মুকুল যেভাবে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে ভাঙন ধরিয়েছেন তাতে বিচলিত তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ফলস্বরূপ তাঁকে ঘিরে কোনও বিবৃতি দিচ্ছে না বাংলার শাসক দল। যদিও মুকুল ১২২ জন বিধায়কের তাঁর সঙ্গে যোগাযোগ থাকার দাবি করায় উৎকণ্ঠা বেড়েছে তৃণমূলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news