দেবক বন্দ্যোপাধ্যায় 
মুকুলকে নিয়ে মমতার কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিজস্ব বৃত্তের মধ্যে যাঁরা ঘোরাঘুরি করার অধিকারি, বিগত কয়েকদিন ধরে এটাই তাঁদের পর্যবেক্ষণ। কিন্তু কেন? গত কয়েকদিনে এমন কী হল যা মমতার মাথাব্যথার কারণ হতে পারে!
মুখে কিছু না বললেও তাঁর ঘনিষ্ঠ বৃত্তের ধারণা মুকুল দল ছেড়ে যান তা মমতা চাননি। একদিকে দীর্ঘদিনের রাজনৈতিক সুহৃদ আর অন্যদিকে অতি স্নেহভাজন। এই দু’য়ের মাঝখানে পড়ে দলনেত্রী নাকি মুকুলের দলত্যাগ পর্বের চুড়ান্ত পর্যায়ে এক প্রকার মৌনব্রত নিয়েছিলেন! বন্ধু হিসেবে মুকুল কতটা কার্যকরী তা মমতা জানেন। তবে রাজনৈতিক শত্রু হিসেবে মুকুলকে এবার পরখ করবেন বা এখনই পরখ করতে শুরু করেছেন মমতা। জেলায় জেলায় কর্মীক্ষয় ভাবিয়ে তুলছে মমতাকে। দলের মধ্যে অনেকে, যাঁরা বলছেন, ‘বড় কেউ তো যায়নি মুকুলের সঙ্গে!’ তাঁদের ওপর রুষ্ঠ হয়েছেন মমতা। তৃণমূলে তো বটেই এমনকি সামগ্রিকভাবে রাজনৈতিক মহলে তাঁর চেয়ে ভাল আর কেউ মুকুলকে চেনে না! তাই যাঁরা ‘বড় কেউ তো যায়নি’ বলে আত্মসন্তুষ্টিতে ভুগছেন তাঁদের ওপর চটছেন মমতা। এমনিতে তাঁর আত্মবিশ্বাস জোরদার। তিনি বুঝতে পারছেন মাঠের লড়াই হোক বা কৌশলগত কোনও লড়াই, যে কোনও যুদ্ধেই তিনি এখন একা! তাই দলীয় কর্মীদের বিজেপি যোগের খবরে কিছুটা হলেও অস্থির হয়ে উঠছেন তিনি। তিনি বারবার বলেন, ‘কর্মীরা আমার সম্পদ।’ এই কথা যে শুধু কথার কথা নয়, ঘনিষ্ঠ মহলে সে কথা বলেছেন মমতা। আরও একটি বিষয় ভাবাচ্ছে পোড় খাওয়া এই রাজনীতিককে। শুভেন্দুর গড় থেকে, অনুব্রতর গড় থেকে এমকি তাঁর প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিকের গড় থেকে কর্মী বেরিয়ে যাচ্ছে তা কী শুধু মুকুলের টানে! নাকি পিছন থেকে অন্য কোনও ঠেলাও কাজ করছে! মুকুলের ডাকে সাড়া দিয়ে বিজেপি যাত্রায় শুভেন্দু, অনুব্রত, জ্যোতিপ্রিয়র কোনও প্রচ্ছন্ন সমর্থন নেই তো! শুভেন্দু, অনুব্রত, জ্যোতিপ্রিয়রা কী প্রভাব খাটালে কর্মীদের আটকাতে পারতেন না! কয়েকশ কর্মী বিজেপিতে যাওয়ার পর কয়েকজনকে ফিরিয়ে এনে অনুব্রত যা বোঝাতে চেয়েছেন তা শীতকালে আষাঢ়ে গল্প বলেই মনে হয়েছে কালীঘাটের অনেকেরই। মুকুল বিজেপিতে যোগ দিয়ে যেদিন কলকাতায় এলেন, সেদিন জনসমুদ্রে স্থানীয় নেতাদের অবদান ছিল না, তা মানতে নারাজ কালীঘাট। মুকুল ঘনিষ্ঠ এক নেতাকে তড়িঘড়ি বড় দায়িত্ব দিয়ে, পাইয়ে দেওয়ার রাজনীতি হলেও ক্ষতে ওষুধ দেওয়া হল কী!
তাই ‘স্তাবকদের’ কথায় বিরক্ত হচ্ছেন মমতা। তাঁর মত ‘অভিজ্ঞ’ রাজনীতিক একটি আপাত ছোট ঘটনার মধ্যে বড় সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তাঁর কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news