ওয়েব ডেস্ক:
করিমপুরের ঘিয়াঘাটে জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযুক্ত একাধিক। তবে মূল অভিযুক্ত তারিকুল শেখ নামে এক যুবক। তাঁকে সংবাদ মাধ্যমের ক্যামেরায় জয়প্রকাশ মজুমদারের পিঠে লাথি মারতে দেখা যায়। তারিকুল শেখ সহ মোট ৯ তৃণমূল কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে বিজেপি। অন্য অভিযুক্তরা হল হাবিবুর রহমান বিশ্বাস, কালামউদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, খুদাবক্স শেখ, দিনারুল বিশ্বাস, মাসাদুল আলম, বঙ্কিম মণ্ডল ও হাবিব বিশ্বাস।
এদিকে জয়প্রকাশ মজুমদারের আক্রান্ত হওয়াকে ‘সাজানো ঘটনা’ বললেন তৃণমূলের নদিয়া জেলা পর্যবক্ষেক রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জয়প্রকাশ মজুমদার। অশান্তির চেষ্টা করেন তিনি।
অন্যদিকে একই বিষয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানালেন মুকুল রায়। কমিশনকে ফোনে ঘটনার ছবি দেখান তিনি। বিজেপি প্রার্থীকে নির্যাতনের দায়ে জেলাশাসক ও পুলিশ সুপারকে গ্রেফতারের দাবিও জানান মুকুল। মুকুল রায়ের তোপ, “মমতা বন্দ্যোপাধ্যায় সব করিয়েছেন। উপনির্বাচনে হারবে জেনেই তৃণমূল এই কাণ্ড ঘটিয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news