নীল বণিক :
নদিয়ায় চায়ের কাপে তুফান তুলেছেন মুকুল রায়। চায়ের কাপে না বলে চায়ের ভাঁড়ে বললে বিষয়টি আরও বস্তুনিষ্ঠ হয়।
পুলিশ রিপোর্ট অনুযায়ী, সোমবার মুকুলের বেথুয়াডহরির সভায় ৮ থেকে ১০ হাজার মানুষের জমায়েত হয়েছিল। স্থানীয় সুত্র বলছে আরও বেশি। যেখানে মুকুল ও বিজয়বর্গীয়র সভা হয়েছে সেখানে ১৪ থেকে ১৫ হাজার লোক ধরে বলে স্থানীয় সুত্রের অভিমত। এই হিসেব সঠিক হলে সভায় ১৫ হাজার লোকের জমায়েত হয়েছিল বলা যায়, কারন মাঠ ছিল পরিপূর্ণ। মাত্র দুটি থানা এলাকা, নাকাশীপাড়া এবং ধুবুলিয়ার কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে নিয়ে করা এই সমাবেশে ১৫ হাজার সংখ্যাটি শাসকদলের মাথাব্যথার কারন হিসেবে যথেষ্ট বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল।

দুটি থানা-এলাকা নিয়ে সভা করে যদি ১৫ হাজার লোকের সমাবেশ করা যায় তাহলে পুরো জেলা নিয়ে সভা করলে সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবে তা ভেবে শিরঃপীড়া আরও বাড়ছে তৃণমূলের।
মুকুলের এদিনের সভার পর অবস্থাটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে জেলার প্রথম সারির নেতারা মুখে কুলুপ এঁটেছেন। কয়েকদিন আগে পর্যন্ত যে গৌরীশঙ্কর দত্ত সুযোগ পেলেই মুকুলের তীব্র সমালোচনা করছিলেন, সেই নদিয়া জেলা সভাপতি গৌরীশঙ্করও এখন স্পিকটি নট! বলেছেন, ” এই বিষয়ে আমি কিছু বলব না। আমার বিধানসভা সংক্রান্ত কোনও প্রশ্ন যদি থাকে তাহলে সেই বিষয়ে বলতে পারি।” অজয় দে, জেলার সহঃ সভাপতি, তাঁর বক্তব্যও একই রকম। অজয়ের কথায়, “আমি পৌরসভা নিয়ে বলব, আর কোনও ব্যাপারে আমার কিছু বলার নেই।” নদিয়া জেলা থেকে রাজ্যের মন্ত্রী একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ উজ্জ্বল বিশ্বাসও বেজেছেন একই সুরে। তাঁর কথায়, ” আমার দফতর নিয়ে কোনও প্রশ্ন থাকলে করতে পারেন, এসব ব্যাপারে আমার কিছু বলার নেই।” জেলায় শাসক দলের তিন মাথারই এমন ‘মিলে সুর মেরা তুমহারা’ আচরণে স্বভাবতই প্রশ্ন উঠেছে তাহলে জেলার রাজনীতি নিয়ে বলবেন কে?

অন্ধ হলে যেমন প্রলয় বন্ধ থাকে না, তেমনই মন্তব্য এড়িয়ে গেলে কি বাস্তব পরিস্থিতি থেকে পালানো যায়? এই প্রশ্ন তুলছে বিজেপি। নাম প্রকাশ না করার শর্তে জেলা তৃণমূলের একাধিক নেতা বলছেন, মুকুলের হাতযশেই নদিয়াতে অতি দ্রুত সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে বিজেপির। সোমবারের সভার জমায়েত তারই ফলাফল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news