নীল রায়:
মুকুল রায়ের দিল্লির বাড়ির লনে ফটোসেশন! তাও আবার সাত সকালে। মঙ্গলবার সকালে বোলপুরের বহিস্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে বিজেপিতে যোগদান করিয়েছেন মুকুল। বুধবার সকাল সকাল নিজের ফেসবুক পোস্টে মুকুল রায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অনুপম। ছবিটি দিয়ে তিনি লেখেন, “নতুন পরিবারের সঙ্গে যাত্রা শুরু।”

উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল ভাঙার কাজে হাত লাগিয়েছিলেন তৃণমূলের একদা সেকেন্ড-ইন-কমান্ড। সেই কাজ গতি পেয়েছে ২০১৯-এর লোকসভা ভোটের প্রাক মুহূর্তে। সেই সূত্রেই অনুপমের গেরুয়া শিবিরে যোগদান। সূত্রের খবর, আগামী কয়েকদিনে মুকুলের আস্তিন থেকে বেরিয়ে আসতে পারে তৃণমূলের আরও বড় “তাস”। যার সূত্রপাত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার দিনই।
প্রসঙ্গত, অনুপম হাজরা, দুলাল বর ও খগেন মুর্মুর যোগদানের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। কৈলাসের কথায়, “মুকুলদা নিজের হাতে তৃণমূলকে শূন্য থেকে শিখরে নিয়ে গিয়েছিলেন। সেই মুকুলদাই প্রতিজ্ঞা করেছেন, ফের তৃণমূলকে শূন্যে করে দেবেন।”
এদিনের ফটোসেশনে বিজেপিতে মুকুলের নতুন পরিবার গড়ারই ইঙ্গিত মিলেছে বলে রাজনৈতিক মহলের ধারনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news