নীল রায়:
মৌসম নূরকে সবক শেখাতে তাঁর কেন্দ্রে প্রিয়াঙ্কা গাঁধীকে দিয়ে প্রচারে ঝড় তুলতে চায় কংগ্রেস। এদিকে আগামী ১৫ মার্চ মালদহে জনসভা করবেন রাহুল গাঁধী। দক্ষিণ মালদহের সমসির ময়দানে এই সমাবেশ হবে। ময়দানটি কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর এলাকাভুক্ত। কিন্তু জেলা কংগ্রেস চাইছে ভোটের সময় মালদহ উত্তরে শীর্ষ নেতৃত্বকে দিয়ে আরও একটি বড় জনসভা করাতে। সেক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় যে নেতার নামটি একেবারে প্রথম সারিতে, তিনি প্রিয়াঙ্কা গাঁধী। উল্লেখ্য, গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন গনি খানের সাংসদ ভাগ্নী। ওই কেন্দ্রে বাংলার শাসক দলের পছন্দের প্রার্থী মৌসমই। তাই জবাব দিতে উত্তর মালদহে কংগ্রেস প্রার্থীর সমর্থনে জোরালো প্রচার করতে চাইছে জেলা নেতৃত্বে। জানা গিয়েছে, ভোটের সময় প্রিয়াঙ্কাকে দিয়ে একটি জনসভা করতে চায় তারা।
এ প্রসঙ্গে মালদহ জেলা কংগ্রেস সভপতি মোস্তাক আলম বলেন, “আমরা চাই উত্তর মালদহে প্রিয়াঙ্কা গাঁধী এসে একটি জনসভা করুন। তার মধ্যে ভারতের মানুষ ইন্দিরা গাঁধীর ছায়া দেখছেন। আমরা জানি উত্তরপ্রদেশের দ্বায়িত্ব নিয়ে তিনি ব্যস্ত। কিন্তু আমরাও দাবি করছি মালদহ উত্তরে এসে তিনি একটি সভা করে যান।” প্রসঙ্গত, এই প্রথম উত্তর মালদহের কংগ্রেস কর্মীরা মৌসম নূরের বিরুদ্ধে ভোটে লড়াই করবেন। তাই কোতোয়ালি পরিবারের দলত্যাগী সদস্যার বিরুদ্ধে লড়াইয়ে কোনও খামতি রাখতে চায় না কংগ্রেস।
মনে করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। তাই খুব তাড়াতাড়ি এবিষয়ে এআইসিসি থেকে চূড়ান্ত অনুমোদন আদায় করতে চায় মালদহের কংগ্রেস। কারণ যেভাবেই হোক মৌসম নূরকে ওই আসনে হারিয়ে বদল নিতে চায় কংগ্রেস। মুখে না বললেও, এই লক্ষ্যেই তারা কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গাঁধীকে প্রচারে এনে তৃণমূলের “মৌসম চালের” জবাব দিতে চায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news