নীল রায়:
তৃণমূলে যোগ দিলেন মালদা উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন মালদা জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে কিছুক্ষণ কথা বলেন গনি খানের ভাগ্নি। গত প্রায় এক বছর ধরে জল্পনা চলছিল যে মৌসম এবং তাঁর মামা আবুল হোসেন খান চৌধুরী তৃণমূলে যোগ দিতে পারেন। জল্পনা ছিল, ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখাবেন মামা ভাগ্নি। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেদিন ঘটেনি যোগদান পর্ব।
এদিন মামা আবু হাশেম খান চৌধুরী তৃণমূলে যোগ না দিলেও,নতুন বছরের শুরুতেই সেই জল্পনায় শিলমোহর বসালেন সদ্য প্রাক্তন কংগ্রেস নেত্রী। মৌসমের শাসকদলে যোগদান বাংলা কংগ্রেসের বড় লোকসান বলা বাহুল্য। সোমবার সরকারিভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি। এদিন যোগদানের পর নবান্নে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে মৌসম বলেন, “ব্রিগেড সমাবেশে মমতা ব্যানার্জীর নেতৃত্বে মেনে নিয়েছেন সারা দেশের সব বিরোধী রাজনৈতিক দলগুলি। সেদিনই বোঝা গিয়েছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বেই যথার্থ। বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল। আগামী লড়াই তাঁর নেতৃত্বেই সংঘটিত হবে।”
প্রসঙ্গত ২০০৯ ও ২০১৪ সালের কংগ্রেসের টিকিটে উত্তর মালদা থেকে সংসদ হয়েছিলেন মৌসম বেনজির নূর। ২০০৮ সালে উপনির্বাচনে সুজাপুর থেকে বিধায়ক হন মৌসম। ২০০৯ সালে উওর মালদা থেকে সংসদে যান। ২০১০ সালে যুব কংগ্রেস সভনেত্রী নির্বাচিত হন। রাহুল গাঁধীর আস্থা অর্জন করতেও সফল হয়েছিলেন। উল্কার মত উত্থান হলেও, দ্রুতই রাজ্য রাজনীতির প্রথম সারির থেকে সরে যেতে থাকেন গনি খানের ভাগ্নি। এদিন আচমকা দল বদল করে মৌসম নূর নতুন ইনিংস শুরু করতে চাইছেন বলে খবর।
এবারের লোকসভা ভোটে যে উত্তর মালদা থেকে তৃণমূলের প্রার্থী হবেন তিনি তা এক প্রকার নিশ্চিত। তবে এবার আর গণি মিথের পারিবারিক সাহায্য পাবেন না মৌসম। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে লড়াই করতে হবে। কতকটা কিংবদন্তি রাজনৈতিক চরিত্র গনি খান চৌধুরীর বিপক্ষে গিয়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news