নীল রায়:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ৭২ ঘন্টার মধ্যেই ঠাকুরনগরে পাল্টা সভা করার কর্মসূচি নিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রের খবর, ৫ ফেব্রুয়ারি সেই সভা হতে পারে তৃণমূলের। নরেন্দ্র মোদীর সভার অনেক কৌশল করে আটকাতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু ঝানু রাজনীতিক মুকুল রায়ের মোক্ষম চলে শেষমেষ উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় ২ ফেব্রুয়ারি সভা করতে আসছেন মোদী।
পাল্টা সভা করলেও, কৌশলগত কারণেই এখনই সভার দিনক্ষণ ঘোষণা করছে না তৃণমূল। সেদিন মতুয়াদের জন্য প্রধানমন্ত্রী কী কী আশ্বাস দেন সেদিকে নজর রাখছে তারা। কারণ তা দেখেই তৈরি হবে পাল্টা আক্রমণের রণনীতি। এই জনসভা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। দলীয় সূত্রে খবর মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা সাংসদ মমতা ঠাকুরকে এই সভায় হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সভা থেকেই তিনি জানান দেবেন বড়মা বীণাপাণি দেবীর প্রকৃত উত্তরসূরি তিনি। মতুয়াদের প্রকৃত উত্তরসূরী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বা তাঁর ছোট ছেলে শান্তনু ঠাকুর নন, বুঝিয়ে দেওয়া হবে সেদিনই।
গত লোকসভা অধিবেশন নাগরিক সংশোধনী বিল পাস করেছে মোদী সরকার। কিন্তু সংখ্যাগরিষ্ঠ না থাকায় রাজ্যসভায় তা পাস করাতে পারেনি। নাগরিক সংশোধনী বিল আখেরে মতুয়াদের বিপক্ষে সে বিষয়টিও তৃণমূলের পাল্টা সভায় তুলে ধরবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষরা। ২০১৪ সালের পর বাংলায় যতগুলি ভোট হয়েছে ততগুলি বটেই দেখা গিয়েছে গেরুয়া শিবিরের পক্ষে গিয়েছে মতুয়া সম্প্রদায়ের একটি অংশের ভোট। মতুয়া সম্প্রদায়ের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় বহু কাঠখড় পুড়িয়েছেন। ২০১১ সালের বিধানসভা ভোটে বীণাপাণি দেবীর ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে গাইঘাটার বিধায়ক করে তাকে মন্ত্রীও করেছিলেন। ২০১৪ সালে লোকসভা ভোটে বীণাপাণি দেবীর বড় ছেলে কপিলকৃষ্ণ ঠাকুরকে বনগাঁ থেকে সংসদ করেছিলেন। কিন্তু কপিলকৃষ্ণের মৃত্যুর পর তাঁর স্ত্রী মমতা ঠাকুরকে বাংলায় তৃণমূলের প্রার্থী করায় বিদ্রোহী হয়ে ওঠেন মঞ্জুলকৃষ্ণ। বিজেপি তাঁর বড় ছেলে সুব্রত ঠাকুরকে বনগাঁ লোকসভার উপনির্বাচনে প্রার্থী করলে, তৃণমূল ছাড়েন মঞ্জুলকৃষ্ণ।
যদিও বনগাঁ ঠাকুরবাড়িতে ভাইয়ে ভাইয়ে বিবাদ কোনও নতুন ঘটনা নয়, দশকের পর দশক ধরে এই রীতি চলে আসছে। এবার কার্যত সেই লড়াই শুধু পারিবারিক গণ্ডিতে আটকে না থেকে বাংলা রাজনীতিতে এসে পড়েছে। যেখানে একদিকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অন্যপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news