ওয়েব ডেস্ক:
চিৎকার করে বলতে হবে ‘পাকিস্তান মুর্দাবাদ’, আর তাহলেই মিলবে চিকেন লেগপিসে স্পেশাল ডিসকাউন্ট। অভিনব দেশপ্রমের নজির সৃষ্টি করলেন ছত্তিশগড়ের এক ফাস্টফুড সেন্টারের মালিক।
ছত্তিশগড়ের বস্তার জেলার মোরাদাবাদের ওই ফাস্টফুড সেন্টারটি চালান জনৈক অঞ্জল সিং। সেন্টারের সামনে ঝুলছে একটি ব্যানার। যেখানে লেখা রয়েছে, খরিদ্দার দোকানে এসে একবার চিৎকার করে ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দিলেই চিকেন লেগপিসে মিলবে দশ টাকার ছাড়। মুরগির ঠ্যাং-এ এই বিশেষ ছাড়-এর ঘোষণা করার পর থেকেই রাতারাতি সংবাদ শিরোনামে চলে এসেছেন অঞ্জাল সিং। উল্লেখ্য, এই খবর চাউর হতেই অঞ্জালের দোকানে বিক্রির পরিমাণ বেড়ে গিয়েছে বেশ খানিকটা। ছত্তিশগড়ের পাশাপাশি ওড়িশা থেকেও বহু মানুষ এসে ভিড় জমিয়েছেন তাঁর দোকানে।
প্রসঙ্গত: পুলওয়ামা জঙ্গিহানার পর থেকে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় বইছে। মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, পথে পথে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হচ্ছে ব্যানার পোস্টারে, মোমবাতি মিছিল হচ্ছে গোটা দেশে। অভিনব শ্রদ্ধাজ্ঞাপনের ঘটনাও রয়েছে। যেমন এক যুবক নিজের পিঠে পুলওয়ামায় নিহত ৪৯ জন জওয়ানের নাম ট্যাটু করিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল ছত্তিশগড়ের অঞ্জল সিংয়ের নাম।
সংবাদমাধ্যমের কাছে অঞ্জল জানান, পাকিস্তান কোনওদিনই মানবিকতার মূল্য দেয়নি। তাঁর কথায়, পুলওয়ামা হামলায় নিহত সেনাদের জন্য তিনি গর্বিত। পাশাপাশি সেনা জওয়ানদের করুণ পরিণতির জন্য ক্ষোভের আগুন জ্বলছে তাঁর মনে। সেই ক্ষোভ প্রকাশ করতেই অভিনব ছাড়ের বন্দোবস্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news