ওয়েব ডেস্ক:
মমতা থামবার পাত্রী নন। একদিকে যখন পুলওয়ামা হামলা পরবর্তী তাঁর মন্তব্যে রাজ্যের প্রধান বিরোধী দল ঘুরিয়ে তাঁকে দেশদ্রোহী বলছে। তখন ফের ওই হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বললেন, মোদীবাবু আপনি সব জানতেন।
এর আগেও একই বিষয়ে মোদী সরকারকে আক্রমণ করেছিলেন মমতা। সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠকের ভাষণ দিতে গিয়ে মমতা বলেন, পুলওয়ামা হামলার দিন কোথায় ছিলেন মোদীবাবু? আপনি তো সব জানতেন। আপনাদের কাছে তো খবর ছিল। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সতর্কাবার্তা থাকা সত্বেও কেন এয়ার লিফট করে নিয়ে যাওয়া হল না জওয়ানদের!
মুখ্যমন্ত্রীর আরও আভিযোগ, নাকা চেকিং না করে, রাস্তাগুলো স্যানিটাইজ না করে সেদিন কার্যত জওয়ানদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। নিছক ভোটের রাজনীতির জন্য মোদী এসব করেছেন বলেও উল্লেখ করেন মমতা।
মোদীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মনে রাখবেন, জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি করা যায় না।’ তাঁর মতে, ছায়াযুদ্ধ কিংবা সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে বেশিদিন মানুষকে ভুল বোঝানো সম্ভব নয়।
প্রসঙ্গতঃ সিওল থেকে সদ্য শান্তি পুরস্কার পেয়েছেন মোদী। সেই পুরস্কারকে কটাক্ষ করে মমতা বলেন, ‘দেশে যুদ্ধ বাঁধিয়ে, দাঙ্গা বাঁধিয়ে শান্তির পুরস্কার পাচ্ছে!’
এর আগে পুলওয়ামা হামলা প্রসঙ্গে মমতা বলেছিলেন, তদন্ত না করে পাকিস্তানকে দোষারোপ করা অনুচিত। এরপর বিরোধী দলের তোপের মুখেও পড়েন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news