প্রসেনজিৎ মাহাতো:
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে লাফিয়ে উঠলেন ভিআইপি গ্যালারিতে বসা তরুণী। মুখে হাসির ঝিলিক। সেইসঙ্গে তৃপ্তির পরশ মাখামাখি। পিয়ারলেস জেতায় সবচেয়ে খুশি বোধ হয় দমদমের এই তরুণীই। নাম পূজা দত্ত।
আসলে দমদমের এই বাঙালি তরুণীর সঙ্গে চলতি মাসের ১২ আগস্ট সাত পাকে বাঁধা পরতে চলেছেন আনসুমানা ক্রোমা। লেডি লাকেই কি জ্বলে ওঠা আজ পিয়ারলেস স্ট্রাইকারের? হাসছেন পূজা। বলেন, ‘আমি খুব খুশি। ও আজ গোল করায়। তবে হ্যাটট্রিক করতে পারলে আরও ভাল লাগত।’ সোমবার নিজেদের মাঠে মোহনবাগানকে ধরাশায়ী করার নায়ক অবশ্যই ক্রোমা। করলেন জোড়া গোল। মোহনবাগানে খেলে গিয়েছেন তিনি। বারংবার পুরনো ক্লাবের বিরুদ্ধে বারবার জ্বলে ওঠেন। গত মরশুমেও বাগানকে কাঁদিয়ে ছেড়েছিলেন।
উল্লেখ্য, ডুরান্ডের অভিযান ভালো হলেও কলরকাতা লিগে শুরুতেই মুখ থুবড়ে পড়ল কিবু ভিকুনার দল। পিয়ারলেসের বিরুদ্ধে অপ্রত্যাশিত ভাবে ৩-০ হার। গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেলে গেল জহর দাসের ছেলেরা। ম্যাচের পর পিয়ারলেসের কোচ বলেন, ‘আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, তাতে সফল হয়েছি। ওদের গোল করার অস্ত্র একজনই। চামোরো। ওকে আটকে দিতেই ম্যাচ হাতের মুঠোয়।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news