নিজস্ব সংবাদদাতা।
সব ঠিকঠাক থাকলে আজ বিকেল চারটেয় কিংবা সন্ধ্যায় রাজভবনে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বৈঠক নিয়ে শুক্রবার রাত পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত করে কিছু জানানো হয়নি। ফলে বৈঠকের সময় ও স্থান নিয়ে প্রবল ধোঁয়াশা তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান আবহে দাঁড়িয়ে মোদী ও মমতার মুখোমুখি হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। বিগত লোকসভা নির্বাচনের পর থেকেই ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছেন তৃণমূল (TMC) নেত্রী।
সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপি তৃণমূল সংঘাত চরমে পৌঁছেছে। সিএএ আইন আমজনতার বিরোধী, এই মর্মে মোদীর বিরুদ্ধে কার্যত যুদ্ধংদেহী মেজাজেই ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক যে অত্যন্ত বিতর্কিত বিষয় তা ভালোই জানেন মুখ্যমন্ত্রী। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠক হবে একেবারেই প্রশাসনিক স্তরে। রাজ্যের প্রশাসনিক প্রধান দেশের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠক করবেন, এতে সমস্যার কিছুই নেই বলেই মত তৃণমূল নেতৃত্বের। তবে শুধু রাজভবনে রুদ্ধদ্বার বৈঠকই নয়। রবিবার নেতাজী ইন্ডোরে কলকাতা পোর্ট ট্রাস্ট্রের অনুষ্ঠানেও একসঙ্গে থাকতে পারেন মোদী-মমতা। এমন ঘটনা ঘটলে সংঘাতের পরিস্থিতিতে পরপর দু’দিন পরস্পরের মুখোমুখি হবেন তাঁরা। ভারতের রাজনীতির মানচিত্রে নজিরবিহীন ঘটনাও বটে। কারণ, শেষবার বছর চারেক আগে মোদী-মমতা প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে এক মঞ্চ হাজির হয়েছিলেন।
যদিও প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এই রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বাম-কংগ্রেস (Left-Congress) ইতিমধ্যেই সুর চড়িয়েছেন। তাঁদের দাবি, মোদীর সঙ্গে মমতার গোপন যোগাযোগ রয়েছে। যদিও তা নস্যাৎ করে দিয়েছে নবান্ন। তৃণমূলের একটি সূত্রের দাবি, রাজ্যের একগুচ্ছ দাবি-দাওয়া রযেছে কেন্দ্রীয় সরকারের কাছে। সেইসব নিয়েই প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে অন্য কোনও মানে খোঁজাই অনুচিত বলেই মত রাজ্য প্রশাসনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news