নীল রায় ও সূর্য সরকার।
মোদি-মমতা বৈঠক কলকাতাতেই!
এমনই জল্পনা সরকারি মহলে। নবান্ন সূত্রে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক চেয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে কথা হয়েছে রাজ্য প্রশাসনের। যদিও তার কোনও উত্তর এখনও পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রথম কলকাতা সফর। তাই সেই সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। শুক্রবারে কলকাতায় চলে এসেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি (SPG)।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দর পৌঁছবে। ভিআইপি রোড বাইপাস ময়দান ঘুরে শহরে প্রবেশ করবে প্রধানমন্ত্রীর কনভয়। ইতিমধ্যেই বাম-কংগ্রেস সহ একাধিক সংগঠন প্রধানমন্ত্রীর যাত্রাপথে কালো পতাকা দেখানোর কথা ঘোষণা করে দিয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “সিএএ ও এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকার দেশের মানুষের সঙ্গে যা করেছে। তাতে প্রধানমন্ত্রীর সঙ্গে যা করা উচিৎ আমারা তাই করব।” স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রাজ্যও।
প্রধানমন্ত্রীর যাত্রাপথে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য তৎপর রাজ্য সরকার। প্রথম অনুষ্ঠান রয়েছে বিবাদীবাগের কারেন্সি বিল্ডিংয়ে। পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রদর্শনী তারপর মিলেনিয়াম পার্কে হাওড়া সেতুর লাইট অ্যান্ড সাউন্ড। সেখান থেকে শনিবার সন্ধ্যায় নদীপথে বেলুড় যাবেন প্রধানমন্ত্রী, ফিরবেনও নদীপথে। পরের দিন অর্থাৎ রবিবার ১২ জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) আমন্ত্রিত। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহকে। সেই পরিস্থিতিতে মোদী-মমতা একমঞ্চে স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শেষ পর্যন্ত কী মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হবে? বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাম কংগ্রেসের দাবি মতো নাগরিকত্ব সংশোধনী আইন খারিজ করে তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা? যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করা যায় সেই পথকে প্রশস্ত করতেই কি খারিজ করে দেওয়া হয়েছে বিরোধীদের দাবি, এ ধরনের প্রশ্ন গুলি উঠছে রাজনৈতিক মহলে। তাছাড়া, দিল্লিতে ১৩ জানুয়ারি বিরোধী রাজনৈতিক দলের বৈঠকে যাওয়া বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের কথায়, এই গরহাজিরা প্রধানমন্ত্রীর প্রতি মুখ্যমন্ত্রীর বার্তাও বটে। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের সুযোগ নিতেই বিরোধীদের ডাকা বৈঠক বয়কট করলেন মমতা, এমন দাবিও তুলছে বিরোধী বাম- কংগ্রেস। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত বৈঠক হয় কিনা সে দিকেই নজর সব মহলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news