ওয়েব ডেস্ক:
মোদীকে নিয়ে ভুয়ো খবর ছাপায় বাংলাদেশের দৈনিক মানবজমিনের জবাবদিহি চাইল বাংলাদেশ তথ্য মন্ত্রক। কীসের ভিত্তিতে ওই সংবাদ প্রকাশ করা হয়েছিল, তা জানতে চেয়েছে বাংলাদেশের হাসিনা সরকার।
প্রসঙ্গত, অযোধ্যা মামলার রায়ের খবর বাংলাদেশের প্রায় সব দৈনিকেই ফলাও করে প্রকাশ হয়। দৈনিক মানবজমিনও ব্যতিক্রম নয়। কিন্তু তাদের একটি খবরের হেডলাইন ছিল ‘বাবরি মসজিদ মামলার রায়: ৫ বিচারপতিকে শুভেচ্ছা জানালেন মোদী’। একদিকে এই সংবাদ প্রকাশের পর একশ্রেণির মধ্যে যেমন উত্তেজনা দিয়েছিল, অন্যদিকে সঙ্গে সঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ সরকারের কাছে এই সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে। ভারতের হাইকমিশন স্পষ্ট করে, ভিত্তিহীন ও মিথ্যা এই সংবাদ। যদিও এর পরে পরেই ক্ষমা চায় দৈনিক মানবজমিন নামের ওই সংবাদ মাধ্যমটি।
যদিও মানবজমিন ক্ষমা চাইলেও ঘটনার পরিসমাপ্তি হয়নি। এরপর সে দেশের কেন্দ্রীয় তথ্য মন্ত্রকের তরফে একটি চিঠি দিয়ে মানবজমিনের কাছে ওই খবর প্রকাশের কারণ জানতে চাওয়া হয়। চিঠিতে লেখা হয়, এই ধরনের মিথ্যে ও ভিত্তিহীন খবর উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশ করা হয়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যই এরকম খবর প্রকাশ করা হয়েছে।
এমনকী ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত ওই খবর প্রকাশের ব্যাখ্যার জন্য মানবজমিনকে ৩ দিন সময় দিয়েছে হাসিনা সরকার। অযোধ্যা রায়ের পর প্রায় একই ধরনের খবর প্রকাশের জন্য দৈনিক নয়া দিগন্ত-কেও চিঠি পাঠিয়েছে সে দেশের সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news