চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কৃষিঋণে বাড়তি ছাড় সহ ধান, গমের মতো ১৪টি খাদ্য শশ্যের সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। খবর সেই বৈঠকেই দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার কথা আলোচনা করেন তিনি। লকডাউনে দেশের ভেঙেপড়া অর্থনীতির চাকা ঘোরাতে গ্রামীণ ক্ষেত্রে (Rural Sector) বড় ভূমিকা নিতে পারে বলে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে। এই বৈঠকেই ঠিক হয়েছে দেশের কৃষি ক্ষেত্রকে (Agricultural Sector) চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার। কৃষকদের ঋণে ছাড় সহ খাদ্যশস্যের সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারও (Narendra Singh Tomar)।
এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র সিং তোমর বলেন, “এই সরকার বরাবর চাষিদের সুবিধার দিকে নজর দিয়েছে। লকডাউনের পরেও তাতে কোনও বদল হয়নি। চাষিরা যাতে তাঁদের পরিশ্রমের মূল্য পান, সেদিকে নজর রয়েছে সরকারের। আর তাই কৃষিতে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হচ্ছে।” তিনি আরও বলেন, “ফসল উৎপাদনের জন্য চাষিদের যা যা খরচ হয়, অর্থাৎ বীজ, সার, কীটনাশকের দাম, ট্রাক্টরের খরচ, ফসল বোনা ও কাটার সময় মজুরের যোগান, সবকিছুকে তাঁদের খরচের মধ্যে হিসেব করা হয়েছে। সেই খরচের পরে এই লাভ পাবেন চাষিরা।”
এর ফলে ১৪টি ফসলে ৫০ শতাংশ থেকে ৮৩ শতাংশ পর্যন্ত লাভ পাবেন চাষিরা। ৩৬০ লক্ষ মেট্রিক টন গম, ৯৫ লক্ষ মেট্রিক টন ধান এবং ১৬.০৭ লক্ষ মেট্রিক টন ডাল ও তিল ইতিমধ্যেই কেনা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে ধানের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য ৫০ শতাংশ বাড়িয়ে ১৮৬৮ টাকা হচ্ছে। জোয়ারের ক্ষেত্রে বাড়ানো হচ্ছে ৫০ শতাংশ, ফলে কুন্টাইল প্রতি দাম হবে ২৬২০ টাকা। বাজরার ক্ষেত্রে এই ন্যূনতম সহায়ক মূল্য সবথেকে বেশি বাড়ানো হয়েছে। ৮৩ শতাংশ বাড়িয়ে কুইন্টাল প্রতি দাম হচ্ছে ২১৫০ টাকা। একই ভাবে রাগির ক্ষেত্রে ৫০ শতাংশ, অড়হড়ের ক্ষেত্রে ৫৮ শতাংশ, মুগের ক্ষেত্রে ৫০ শতাংশ, উরদের ক্ষেত্রে ৬৪ শতাংশ, সূর্যমুখির ক্ষেত্রে ৫০ শতাংশ, সোয়াবিন, তিল ও কার্পাসের ক্ষেত্রে ৫০ শতাংশ করে বাড়ানো হয়েছে ন্যূনতম সহায়ক মূল্য।
ছবি সৌজন্যে এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news