চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
‘হোম কোয়রান্টিনে’ থাকা ব্যক্তিদের সঙ্গে আম জনতার ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। বললেন, “তাঁদের সাহায্য করুন।” দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে যাঁরা ‘হোম কোয়রান্টিনে’ রয়েছেন, তাঁদের নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। সামাজিক ভাবে অচ্ছুৎ মনে করা হচ্ছে। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ”এই ধরনের কিছু অভিযোগ শুনেছি। কিন্তু এটা বুঝতে হবে, স্বেচ্ছা কোয়রান্টিনে থাকা পরিবারের সদস্যরা দায়িত্বশীল। তাঁরা আক্রান্ত নন, কিন্তু সংক্রমণের সম্ভাবনা থাকাতেই তাঁরা ঘরবন্দি থাকছেন। তাঁদের সাহায্য করুন।” তিনি বলেছেন, ”রোগের নিয়মই হল শুরুতেই প্রতিরোধ করা। সেই কারণেই লকডাউন ঘোষণা হয়েছে। সবাই সেটা মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।”
নরেন্দ্র মোদী বলেন, “মানুষ হয়তো ভাবছে আমি কী ধরনের প্রধানমন্ত্রী। কিন্তু লকডাউন ছাড়া আর কোনও উপায় ছিল না। এই লকডাউন আপনাদের এবং আপনাদের পরিবারের সুরক্ষার কথা ভেবেই নেওয়া হয়েছে। তাই দয়া করে আমাদের সঙ্গে থাকুন। ধৈর্য রাখুন। আরও বেশ কিছুদিন এই ধৈর্য আপনাদের রাখতে হবে।” তিনি আরও বলেন, “এখনও অনেকে লকডাউন মানছেন না। বাইরে বেরচ্ছেন। এটা খুবই কষ্টের। বিশ্বজুড়ে অনেক দেশ এই ভুল করেছে। এখন তারা ফল ভুগছে। সেই ভুল থেকে শিক্ষা নিন। তাই যাঁরা এখনও লকডাউন মানছেন না, তাঁদের বলছি, তাঁরা কিন্তু নিজেদের জীবন নিয়ে খেলছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news