চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“বিস্তারবাদের জমানা খতম হয়ে গিয়েছে।” লেহ লাদাখ উপত্যকায় দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে নাম না করে চিনকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার সকালে আচমকাই ভারত – চিন সীমান্তে (Indo – China Boarder) যান তিনি। সেনাবাহিনীর জওয়ান ও আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি, তাঁদের মনোবল বৃদ্ধি করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, “সাম্রাজ্য বিস্তারবাদের জমানা খতম হয়ে গিয়েছে। এখন উন্নয়নের জমানা। ইতিহাস সাক্ষী রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি হয় পরাস্ত হয়েছে, কিংবা পিছু হটতে বাধ্য হয়েছে”। তিনি আরও বলেন, “দুর্বল কখনও শান্তি কায়েম করতে পারে না। তা পারে একমাত্র সাহসীরাই।” কমিউনিস্ট চিনের নাম মুখে না আনলেও বেজিংকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর লাদাখ সফরে যাওয়াতেই চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘‘ভারত ও চিনের মধ্যে যোগাযোগ রয়েছে। উত্তেজনা কমানোর উদ্দেশ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। পরিস্থিতি ফের নতুন গতি পেতে পারে এমন কোনও ‘অ্যাকশন’ থেকে উভয়পক্ষেরই বিরত থাকা উচিত।’’ চিনের এমন প্রতিক্রিয়ার পর প্রধানমন্ত্রী সাফ বলেন, “আপনাদের বীরত্বের জন্য দেশ সুরক্ষিত আছে। শান্তির জন্য শক্তি চাই। আপনারা সেটা দেখিয়ে দিয়েছেন।”
#WATCH Prime Minister Narendra Modi addresses soldiers in Nimoo, Ladakh https://t.co/LCa8oWxL39
— ANI (@ANI) July 3, 2020
প্রধানমন্ত্রী বলেছেন, “আপনারা যে উচ্চতায় মোতায়েন রয়েছেন, আপনাদের সাহস তার থেকেও উঁচু। আপনাদের বাহুর বল এই পর্বতমালার থেকেও বেশি। আর আপনাদের আত্মবিশ্বাস, প্রত্যয় ও আস্থা এই পর্বত শিখরের থেকেও অটল।” তিনি আরও বলেন, “ভারতের এই পবিত্র মাটির আপনারা বীর সন্তান। আপনাদের অসীম সাহস ও ভিতরের আগুন দেখেছে শক্রপক্ষ। ভারতের প্রতিটি মানুষ সে তিনি দেশেই থাকুন বা বিদেশে—বিশ্বাস করেন দেশকে নিরাপদ ও মজবুত রাখতে আপনারা ভীষণ ভাবে সক্ষম। গোটা দেশ আপনাদের পাশে রয়েছে।”
শান্তি ও অশান্তি দুইই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের উদাহরণ দিয়ে মোদী বলেছেন, “এই যুগ বিকাশের।এখানে সাম্রাজ্যবাদী মানসিকতার বা চেষ্টার জায়গা নেই। সেটা সবাইকে বুঝতে হবে। বিশ্ব শান্তির জন্য বারবার বিপদ ডেকে এনেছে সাম্রাজ্যবাদী শক্তি। তবে ইতিহাস সাক্ষী, প্রত্যেকবারই তাদের পরাজিত হতে হয়েছে। ভারত শান্তির কথা বলে তবে প্রয়োজনে শ্রী কৃষ্ণের সুদর্শন চক্রের পূজাও করে। আমরা হাতিয়ার ধরতে জানি। গালওয়ান উপত্যকা আমাদের। লাদাখ দেশের মুকুট।” তাঁর আরও সংযোজন, “আমরা বংশীধারী কৃষ্ণের পূজা করি, আবার সুদর্শন চক্রীধারী কৃষ্ণের পূজাও করি। আমরা শান্তি চাই, তবে প্রয়োজনে দেশের সুরক্ষায় হাতিয়ার ব্যবহারেও পিছপা হই না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news