ওয়েব ডেস্ক:
পাকিস্তানে কে হিরো হবে, এদেশে তার প্রতিযোগিতা চলছে, মেরঠে বললেন মোদি।
এই প্রসঙ্গে পুলওয়ামার ঘটনা থেকে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর বিরোধীরা কী বলেছিল উপস্থিত জনতাকে তা মনে করিয়ে দেন নরেন্দ্র মোদি। পাশাপাশি মহাকাশে গতকালের সাফল্য ঘোষণা করায় যেভাবে বিরোধীরা তাঁকে আক্রমণ শুরু করেছে, তারও জবাব দেন তিনি।
এইসঙ্গে আত্মবিশ্বাসি মোদি জানান, দেশে এনডিএ সরকারই ক্ষমতায় ফিরছে। এবং দেশের মানুষ তা ইতিমধ্যে ঠিক করে ফেলেছে। এদিন মেরঠের নির্বাচনী সভায় পুলওয়ামা হামলার পর বায়ুসেনার বিমানহানা নিয়ে কংগ্রেস সহ বিরোধীদের মন্তব্যকে তীব্র আক্রমণ করেন মোদি। বলেন, দেশের সেনা যা করেছে তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে! দেশ যখন শত্রুর ঘরে ঢুকে শক্তি প্রদর্শনের সাহস দেখিয়েছে তখন তা নিয়ে প্রশ্ন তুলছে ‘মহামিলাওয়াট’ জোট। ভেবে দেখুন, ২৬ ফেব্রুয়ারি দেশের জওয়ানরা যদি একটু ভুল করে ফেলত তাহলে এইসব বিরোধীরা আমাকে কি ছিঁড়ে ফেলত না? এরা সে সময় যা বলেছে তাতে পাকিস্তানের হাত শক্ত হয়েছে। পাকিস্তানে খবরের শিরোনাম হয়েছে ওঁরা। পাকিস্তানে কে হিরো হবে তা নিয়ে যেন প্রতিযোগিতার চলছিল!
এদিন মহাকাশে ভারতের সাফল্য, তথা উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রসঙ্গও টেনে আনেন মোদি। বলেন, বিরোধীরা এনিয়ে এমন কথা বলছে যাতে তাদের বুদ্ধি নিয়েও সন্দেহ হচ্ছে আমার। গতকাল যখন এস্যাটের কথা বলছিলাম তখন কিছু লোক মনে করেছিল আমি থিয়েটারের কথা বলছি। ভারত যখন মহাকাশেও তার পা শক্ত করছে তখন কিছু লোকের পেটে যন্ত্রণা হচ্ছে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news