নীল রায়:
“এখানে এসে ভিড় দেখে বুঝেছি দিদি কেন আক্রমণের পথে নেমেছেন।” শনিবার ঠাকুরনগরের সভায় এসে এভাবেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত: অমিত শাহের জনসভায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। নাম না করে এদিন কার্যত সেই প্রসঙ্গেই খোঁচা দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন “এখানে বিপুল জনসমাগম দেখে আমি আপ্লুত। আপনাদের ধন্যবাদ। এখানে এসে বুঝতে পারছি দিদি কেন আক্রমণের পথে নেমেছে।” তিনি আরও বলেন, “এখানে আসলে গণতন্ত্র বাঁচানোর নাটক চলছে।” বাংলায় যে বর্তমান শাসক দলের বিকল্প হিসেবে বিজেপিকেই মানুষ গ্রহণ করতে শুরু করেছে সে কথাই বুঝিয়ে দেন নরেন্দ্র মোদী। যে সিন্ডিকেট ট্যাক্সের কথা বলে তৃণমূল কংগ্রেসের আইনি নোটিসের মুখে পড়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ, এদিন সেই প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, “বাংলায় বিজেপি সরকার এলে সিন্ডিকেট ট্যাক্স দিতে হবে না, দালাল রাজ শেষ হয়ে যাবে। প্রকৃত গণতন্ত্র ফিরবে।”
মিনিট কুড়ির বক্তৃতায় প্রধানমন্ত্রী বেশিরভাগ শব্দ খরচ করেন গ্রামীণ মানুষ ও কৃষকদের কথা বলে। সংসদে বাজেট পেশ করে তার সরকার গতকাল ঘোষণা করেছে, কৃষকদের ৬ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। যা সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে পড়বে। এদিন সে কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে যারা তারা কৃষকের ভালো চান না। তারা নাটক করছেন। চোখে ধুলো দেওয়ার অনেক চেষ্টা হয়েছে। এবার আর তা হবে না।”
সদ্য মধ্যপ্রদেশ রাজস্থানে বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এসেছে কংগ্রেস। বিধানসভা ভোটে কংগ্রেসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল কৃষক ঋণ মুকুবের। সেই আশ্বাস যে কংগ্রেস এখনও পূর্ণ করেনি তাও এদিন ঠাকুরনগরের জনসভায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মতুয়া মহাসঙ্ঘের ডাকে এদিনের সভাকে অরাজনৈতিক বলা হলেও শনিবার আগাগোড়াই কংগ্রেস ও তৃণমূলকে আক্রমণ করে রাজনৈতিক রঙ ছড়িয়ে দেন নরেন্দ্র মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news