চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
আচমকাই বিশ্ববাসী সম্মুখীন হয়েছে নভেল করোনা ভাইরাসের (Coronavirus)। প্রাণঘাতী এই মহামারী কারণেই জারি হয়েছে লকডাউন। কোভিড ১৯ ও লকডাউন পরিস্থিতিতে আমজনতার জনজীবন কতটা বিপর্যস্থ বা প্রভাবিত হয়েছে, তা আঁচ করেই কলকাতা শহরের একদল যুবা আইনজীবী তৈরি করেছে একটি ‘শর্ট ফিল্ম’। ছোট্ট এই ‘শর্ট ফিল্ম’-এর নাম দেওয়া হয়েছে, ‘মধ্যবিও এবং লকডাউন’ (Modhyobittyo ebong Lockdown)। ছোট্ট এই ছবিটি প্রসঙ্গে আইনজীবীদের নিজেদের বেশকিছু যুক্তি রয়েছে। তাদের কথায়, আমাদের মনে হয়েছে এই লকডাউন তথা কোভিড মহামারীর সবচেয়ে বড় থাবা বসিয়েছে মধ্যবিত্ত শ্রেণীর ওপর। মধ্যবিত্ত শ্রেণী করোনা ভাইরাসে প্রত্যক্ষভাবে সেভাবে আক্রান্ত না হলেও, পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অর্থনৈতিক সমস্যার কথাই মূলত তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মে। সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ ও লকডাউনের পরিস্থিতি মোকাবিলায় আইনজীবী সমাজ কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, তাও সুচারুভাবে তুলে ধরা হয়েছে এই ছোট্ট সময়ের ছবিতে।
কোভিডের কারণে তৈরি হওয়া লকডাউন পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে অর্থনীতিকে। সেই ধাক্কায় জেরবার হয়েছে মধ্যবিত্ত সমাজ। সে কথাই এই শর্টফিল্মে তুলে ধরেছেন কলকাতার যুবা আইনজীবীরা। সঙ্গে কিভাবে এই সংকটময় পরিস্থিতিতে ভার্চুয়াল কাজকর্মের প্রতি মানুষের প্রবণতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। তাছাড়া লকডাউনে জনজীবনে কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল, তাও ওই নয় মিনিট ১৭ সেকেন্ডের ছবিতে তুলে ধরার চেষ্টা করেছেন কলকাতা হাইকোর্টে কর্মরত আইনজীবীরা। এ প্রসঙ্গে ছবির সহপরিচালক অতনু ঘোষ বলেছেন, “কোনও আর্থিক লাভ বা কোনও বিনোদনের জন্য আমরা এই ছবি তৈরি করিনি। বরং লকডাউনের সময় আমাদের মতো আইনজীবীরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি বা সাধারণ মানুষকে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে দেখেছি। সেই অভিজ্ঞতা নিয়ে সমাজকে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
এই ছবিটির প্রযোজনা করেছেন, গঞ্জিকা এফেক্ট ও পিংপং স্টুডিও। ‘মধ্যবিত্ত এবং লকডাউন’ শর্টফিল্মের ভাবনা, চিত্রনাট্য, সংগীত, গীত রচনা, পরিচালনা ও অভিনয় করেছেন সুদীপ্ত ঘোষ। সহকারি পরিচালক সহ ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছেন আইনজীবী অতনু ঘোষ। অভিনয় করেছেন সোহম বন্দ্যোপাধ্যায়, সৌম্যশ্রী চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, পরাশর বৈদ্য, সিদ্ধার্থ গোস্বামী প্রমূখ। রেকর্ডিংয়ে অনির্বাণ চট্টোপাধ্যায় ও ছবি সম্পাদনা করেছেন নব্যেন্দু জানা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news