নীল রায়।
সুপারস্টার মিঠুন চক্রবর্তী কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? এমনই জল্পনা উসকে দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা। মঙ্গলবার রাতে আচমকাই অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেন এই অধ্যাপক রাজনীতি। সঙ্গে লেখেন “সুন” অর্থাৎ “শীঘ্রই”। তারপরেই জল্পনা শুরু হয় রুপোলি পর্দার “এম এল এ ফাটাকেষ্ট”-কে কি আবারও দেখা যাবে রাজনীতির আঙ্গিনায়?
প্রসঙ্গত, ২০১৪ সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু ২০১৬ সালের গোড়াতেই তৃণমূলের সদস্য পদের সঙ্গে রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেন তিনি। তারপর থেকে আর রাজনীতি সংস্পর্শে দেখা যায়নি জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতাকে। কিন্তু অনুপমের আচমকা এমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে গুঞ্জন শুরু হয়। প্রাক্তন সাংসদ অনুপম হাজরা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মিঠুনদার সঙ্গে আমার সম্পর্ক গত ৫-৬ বছরের। গত কয়েক মাস দাদার শরীর স্বাস্থ্যের খবরাখবর নিতে পারিনি। তাই সোমবার তাঁকে ফোন করেছিলাম।” অধ্যাপক হাজরা আরও বলেন, “তাঁকে জানিয়েছি এবারের লোকসভা ভোটে বিজেপি বাংলা থেকে ১৮ টি আসন জিতেছে। আমরা খুব ভালোভাবে এখানে এগোচ্ছি। এই সময় যদি দাদা আমাদের পাশে থাকতেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়।” অনুপমের দাবি, তাঁর কথা শুনে রাজনীতিতে আসার ব্যাপারে কোনও ইতিবাচক ইঙ্গিত না দিলেও। আগামী মাসে তাঁকে নিজের মুম্বইয়ের বাসভবনে ডেকে পাঠিয়েছেন মিঠুন।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন অনুপম হাজরা। যার জেরে তৃণমূল কংগ্রেস থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। মাসখানেক আগে অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মুনমুন সেন ও তাঁর তনয়া রিয়া সেনের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, “আরও বড় চমক অপেক্ষা করে আছে। অপেক্ষা করুন।” যদিও পোস্টটি করার আধঘণ্টার মধ্যেই সেটি মুছে দেন অনুপম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news