নিজস্ব সংবাদদাতাঃ
পুজোর মুখে বাঙালি বেকায়দা চাপে। চাপ পুজো তথা বিজয়ার মিষ্টি নিয়ে। কপাল খারাপ থাকলে বচ্ছরকার পার্বণের দিনগুলোয় মিষ্টি এবার নাও মিলতে পারে। কিন্তু কেন? কারণ নানা কারণে বিরক্ত দুধ ব্যবসায়িরা। ধর্মঘটের হুমকি দিচ্ছে তারা। সত্যি যদি তারা তাই করে বসে তবে সিঁড়ি ভাঙা অংকের নিয়মে এলাকার মিষ্টান্ন ভাণ্ডারগুলোর বসে বসে ডুমো মাছি তাড়ানো ছাড়া কোনও কাজ থাকবে না। কে না জানে, দুধ থেকে হয় ছানা আর ছানা থেকে মহার্ঘ রসগোল্লা, পান্তুয়া, লেডিকেনি, জলভরা, কালাকাদ, ছানার জিলিপি, গোলাপজাম, কাঁচাগোল্লা ইত্যাদি ইত্যাদি। এখন শিকড় (পড়ুন দুধ) যদি না থাকে তাহলে গাছ ফুল (পড়ুন হরেক মিষ্টি) ফোটাবে কী করে! সবচেয়ে বড় কথা এমত অবস্থায় পুজোর দিনগুলোয় কী হবে? বিজয়ায়? নাতি প্রণাম করতে এলে ঠাকুমা আলুর চপ খাওয়াবে? এরম অলুক্ষুনে কথা কেউ কখনও শুনেছে!
কিন্তু বাস্তব পরিস্থিতি সেদিকেই বাঁক নিচ্ছে। আজ সকালেই বিরাট প্রতিবাদ করছে দুধ ব্যবসায়িরা। দুধের দাম বাড়ানো সহ একাধিক দাবিতে রাস্তা সাদা করে দুধ ঢেলে বিক্ষোভ দেখিয়েছে বাংলার অন্যতম দুধ ব্যবসায়ি কমিটি ‘ঘোষ ও গাভী কল্যাণ সমিতি’।
বুধবার বর্ধমান শহরের কার্জনগেট এলাকায় জিটি রোড অবরোধ করে তারা। একাধিক দাবি রয়েছে এই ব্যবসায়িদের। যেমন বোতল বন্দি জলের দাম বাড়লেও দুধের দাম বাড়ছে না রাজ্যে। ফলে মূলবৃদ্ধির বাজারে তারা বিপদে পড়ছেন। তাদের আরও দাবি, গো-পালকদের ঋণ দিতে হবে সরকারকে। দিতে হবে ভর্তুকি। এছাড়া গো-খাদ্য ও ওষুধের উপরেও ভর্তুকি চায় তারা। বর্ধমানের টাউন হলে ‘ঘোষ অ্যান্ড গাভী কল্যাণ সমিতি’র রাজ্য সম্মেলনেও দাবিগুলি তোলা হয় এদিন। সমিতি চায় সরকারি ভাবে দুধ ও ছানার মূল্য নির্ধারন হোক। গো-খাদ্য ও ওষুদের উপর ৪০ শতাংশ হারে ভর্তুকি দিক রাজ্য সরকার। এছাড়াও এই শিল্পের কর্মশালা, গ্রামে গ্রামে গো-প্রজনন কেন্দ্র গড়ে তোলা , দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণ ও রপ্তানি করা, সরকারি চাকরিতে গোয়ালাদের সংরক্ষণ সহ একাধিক দাবি নিয়ে আলোচনা হয় টাউন হলে।
এদিন সমিতির পক্ষ থেকে বলা হয়, যেখানে অন্য সম্প্রদায়কে সরকার নানা সুযোগ সুবিধা দিচ্ছে সেখানে ঘোষ সম্প্রদায়কে বঞ্চিত করা হচ্ছে। এবং দুধ ব্যবসায়ি সমিতি হুমকি দিয়েছে, সরকার সমস্যা না মেটালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আর সেখানেই সিঁদুরে মেঘ দেখছে বাঙালি।
পুজোর আগেভাগে এমন হুমকি মোটেই ভালো কথা না। কারণ এরা দুধ না দিলে ছানা হবে না, ছানা না হলে প্রিয় মিষ্টির সৃষ্টি হওয়ায় সম্ভব না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news