সূর্য সরকার ও নীল রায়।
আবারও রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! এই রদবদলে বাদ পড়তে চলেছেন বেশ কয়েকজন। নবান্ন সূত্রে তেমনটাই খবর। রাজ্য মন্ত্রিসভা থেকে বাদ না দেওয়া হলেও ডানা ছাঁটা হচ্ছে রাসবিহারীর শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shovandeb Chatterji)। মনে করা হচ্ছে সম্প্রতি সাংসদ মালা রায় (Mala Roy) ও তার দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় বিদ্যুৎ দপ্তর থেকে অচিরাচরিত শক্তি দপ্তর থেকে আলাদা করে দেওয়া হবে। সেই দায়িত্ব যেতে পারে বালিগঞ্জের বিধায়ক বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherji) কাছে। বর্তমানে সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী দায়িত্বে রয়েছেন গিয়াসউদ্দিন মোল্লাকে মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে এবং শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী দায়িত্বে থাকা জাকির হোসেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামীকাল নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা।
চলতি বছর লোকসভা ভোটের আগে নতুন চারজনকে মন্ত্রী করে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর নির্বাচনী ফলাফলের নিরিখে গুরুত্বপূর্ণ সেচ দপ্তর থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী করা হয়েছিল ডোমজুড় বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বিনয়কৃষ্ণ বর্মনের বন দপ্তর দিয়ে দেওয়া হয়েছিল ব্রাত্য বসুকে। বিনয়কৃষ্ণর সঙ্গে বলরামপুরের বিধায়ক শান্তিরাম মাহাতো হয়ে গিয়েছিলেন দফতরবিহীন।
দপ্তর রদবদলের মাধ্যমে রাজীব বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ বন দপ্তর দেওয়া হতে পারে। অন্যদিকে, ব্রাত্য বসু ফিরে পেতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের দায়িত্ব। রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর দেওয়া হতে পারে বিনয়কৃষ্ণ বর্মনকে। পশ্চিমাঞ্চল দপ্তর দায়িত্ব পেতে পারেন পুরুলিয়ার শান্তিরাম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news