চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিভিন্ন রাজ্যের ত্রাণ শিবিরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের শারীরিক পরীক্ষার পরে ২০ এপ্রিল থেকে সেই রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানাতেই কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কাজে নিয়োগের ছাড়পত্র দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, ২০ এপ্রিল থেকে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের বাইরে থাকা এলাকায় অল্প হলেও, আর্থিক কর্মকাণ্ড চালু করতে শর্তসাপেক্ষে কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে কেন্দ্র। সেই সূত্রেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জানানো হয়েছে, রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের কৃষি, শিল্প, নির্মাণের মতো কাজে নিয়োগ করতে পারবে তারা। নিয়োগ করা যাবে ১০০ দিনের কাজেও। তবে কোনও অবস্থাতেই অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো যাবে না।
রাজ্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ, এই নিয়োগের জন্য স্থানীয় প্রশাসনের কাছে নথিভুক্ত করা হোক পরিযায়ী শ্রমিকদের। দেখা হোক, কোন কোন ধরনের কাজে দক্ষ শ্রমিকরা। যদি তাঁদের কারও কর্মস্থল ওই একই রাজ্যে হয় এবং ২০ এপ্রিলের পরে সেখানে কাজে ফিরতে চান, তবে সবার আগে পরীক্ষা করে দেখতে হবে, তিনি শারীরিক ভাবে সুস্থ কি না। করোনার কোনও উপসর্গ শ্রমিকের মধ্যে আছে কিনা, তাও খতিয়ে দেখা বাধ্যতামূলক। এ ছাড়া ওই শ্রমিকদের কর্মস্থলে নিয়ে যাওয়া এবং পথে খাবার নিয়েও কিছু নির্দেশিকা মানতে হবে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news