প্রসেনজিৎ ধর:
মিডডে মিলে পড়ুয়াদের পাতে পড়ল নুন-ভাত। এমনটা নাকি গত কয়েক মাস ধরেই চলছে। চুঁচুড়ার বালিকা বাণী মন্দিরের ছাত্রীদের দুপুরের খাবারের হাল দেখে চাঞ্চল্য। এদিকে বাজার সরকারের তালিকায় খরচ যঠেষ্ট। যেমন ২৫ হাজার টাকার ডিম কেনা হয়েছে, যদিও তা ছাত্রীদের পাতে পড়েনি। পাশাপাশি দুশো ছাপান্ন বস্তা চালের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না বলে খবর। ফলে, গত কয়েক মাস ধরেই মিডডে মিলে কখনও ফেনা ভাত, কখনও আলুসেদ্ধ ভাত খেতে হচ্ছে ছাত্রীদের। স্কুল শিক্ষিকাদের বক্তব্য, ডিআই থেকে ডিএম সর্বত্র জানানো হলেও কোনও সুরাহা হয়নি। উল্লেখ্য, বর্তমানে এই স্কুলে কোনও প্রধান শিক্ষিকা নেই। সবটাই দেখে স্কুল পরিচালন সমিতি। এমত অবস্থায় অভিযোগের আঙুল উঠছে চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলের পরিচালন সমিতির বিরুদ্ধে।

সোমবার এমন দূর্নীতির খবর পেয়ে সেখানে আচমকাই উপস্থিত হন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সবটা দেখে সংসদের প্রতিক্রিয়া, ‘ছাত্রীদের মুখের খাবার যারা কেড়ে নিয়েছে তাদের রেয়াত করা হবে না। এইসঙ্গে আশ্বাস দেন তিনি, মিডডে মিলের এই করুণ অবস্থা যে ভাবেই হোক দূর করা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে লকেট চট্টোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, মূখ্যমন্ত্রী কন্যাশ্রী নিয়ে এতো ঢাক পেটাচ্ছেন যখন, তখন ছাত্রীদের স্কুলের খাবার এতো নিম্নমানের হবে কেন।
এদিকে স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌরীকান্ত মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘চারজন শিক্ষিকার জন্য মিডডে মিলের এই অচলাবস্তা। পরিচালন সমিতির ঠিক করে দেওয়া টিআইসিকে অন্য শিক্ষিকারা মানছেন না। তার উপর প্রধান শিক্ষিকা না থাকায়, সই করার অথরিটি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।’ গৌরীকান্তবাবু আরও বলেন, ‘টাকা নেই এমন নয়। কেউ কোনও দ্বায়িত্ব নিতে চাইছেন না। তাঁর মন্তব্য, গোটাটাই আসলে অন্তর্ঘাত।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news