নীল রায়।
হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হাওড়া শরৎসদনে আয়োজিত প্রশাসনিক বৈঠকে হাওড়া কর্পোরেশনে কর্মী নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। গত বছর মেয়াদ শেষ হয়েছে হাওড়া কর্পোরেশনের। তার আগে মেয়র রথীন চক্রবর্তীর নেতৃত্বে কয়েক-শো কর্মী নিয়োগ করা হয়েছে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তোমরা যাওয়ার আগে ৪০০ লোক নিয়ে নিলে। তারা আমার ঘাড়ে এসে পড়ল। আমার বাড়ি চলে যাচ্ছে। তোমরাই পাঠাচ্ছ।” রথীন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “লোক নিয়েছ আর অনুমতি নাওনি কেন? এটা বেআইনি। এঁদের ভবিষ্যৎ নিয়ে তোমরা ছিনিমিনি খেলছ।” জবাবে রথীন বলেন, “দিদি আপনিই তো ভারবালি বলেছিলেন।” এই কথা শুনেই রেগে যান মুখ্যমন্ত্রী। ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারের কাজে ও সব ভারবাল টার্বাল বলে কিছু হয় না। ডোন্ট ইউজ মাই নেম। এ সব বলবে না।” তিনি আরও বলেন, “আমাকে সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে। কেন ২২ কোটি টাকার প্রোজেক্ট সরকারি নিয়ম মেনে কাজ করা হল না। কেন সরকারের অনুমতি নেওয়া হল না।”
এদিনের সভায় পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের দাবি-দাওয়া প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কথায় কথায় অনশন। এটা মানা যায় না। কথায় কথায় রাস্তায় বসে পড়ছে। এই নিয়ে আমি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। শিক্ষকরা যদি এটা করে তাহলে বাচ্চারা কী শিখবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্র আমাদের সর্বশিক্ষা অভিযানের টাকা দিচ্ছে না। অনেক ক্ষেত্রে টাকা বন্ধ করে দিচ্ছে কেন্দ্র। প্যারা টিচারদের এটা বুঝতে হবে। আমরা এর আগে টাকা বাড়িয়ে দিয়েছি। নাহলে কেন্দ্রকে বলুন আর একটা রিজার্ভ ব্যাঙ্ক করে দিতে, তাহলে আমরা সব দিয়ে দেব। সবাই পেনশন বন্ধ করে দিয়েছে। কিন্তু, আমরা পেনশন বন্ধ করে দিচ্ছি না। বাংলা ছাড়া সব রাজ্য পেনশন তুলে দিয়েছে।”
প্রসঙ্গত, প্রশাসনিক সভা শুরুর আগে হাওড়া দু’নম্বর ট্যাঙ্ক লেন রোডের একটি বস্তিতে যান মুখ্যমন্ত্রী। হাওড়া কর্পোরেশন ২৯ নম্বর ওয়ার্ডের ওই বস্তিতে তিনি জানতে পারেন পানীয় জল ও স্যানিটেশনের ব্যাপক সমস্যা রয়েছে। প্রশাসনিক বৈঠকে ২৯ নম্বর ওয়ার্ডের সমস্যার কথা জানতে চান প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর কাছে। উওরে রথীন জানান, গত তিন বছর ধরে ওই ওয়ার্ডের কাউন্সিলর খুনের অভিযোগে জেলে রয়েছেন। এমনটা শুনে প্রাক্তন মেয়র ও হাওড়া কর্পোরেশনের বর্তমান প্রশাসনের ওপর ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। বস্তিতে পানীয় জল ও স্যানিটেশনের সমস্যা দ্রুত অভাব মেটানোর নির্দেশ দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news