ওয়েব ডেস্ক:
পর্যাপ্তে চাপে পড়লে অনেক কিছুই সম্ভব বোধ হয়। যেমনটা আজ দেখা গেল চুঁচুড়ার বালিকা বাণীমন্দির স্কুলে। গতকাল সেখানে বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় পৌঁছতেই, ননু-ভাতের খবর জানাজানি হতেই আজ বদলে গেল মিড-ডে মিলের মেনু। মঙ্গলবার সকাল সকাল স্কুলে পৌঁছল ২৫০টি ডিম ও রান্নার জন্য প্রয়োজনীয় মশলা। স্থানীয় কাউন্সিলর তথা স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় উদ্যোগেই আজ ডিম ও মশলা পৌঁছয় স্কুলে। যে পরিচালন সমিতির দিকে গতকাল অভিযোগের আঙুল উঠেছিল।
উল্লেখ্য, সোমবার প্রকাশ্যে আসে চুঁচুড়ার বালিকা বাণীমন্দির স্কুলে মিড-ডে মিলে দিনের পর দিন ধরে পড়ুয়াদের দেওয়া হচ্ছিল নুনভাত, ফেনাভাত। এমন অভিযোগ পেয়ে গতকাল সেখানে লকেট চট্টোপাধ্যায় পৌঁছতেই হুড়োহুড়ি পড়ে যায়। পৌঁছে যায় মিডিয়াও। মিড-ডে মিল এমন কাণ্ডের সংবাদে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। খবর পৌঁছয় শিক্ষামন্ত্রীর কাছেও। অভিযোগের ভিত্তিতে দুই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়।
আসল কথা হল, গতকালকের চাপে আজ ভাগ্য বদলাল পড়ুয়াদের পাতের। ব্যক্তিগত উদ্যোগে ডিম-মশলা কিনে নিয়ে স্কুলে পৌঁছন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। এরপরেও স্কুলের দিদিমণিদের সঙ্গে চেয়ারম্যানের বাগবিতণ্ডা চলে। তবে শেষমেশ মিড-ডে মিলের মেনু বদল হয়। পড়ুয়াদের জন্য ডিম সেদ্ধ করা হয়।
এদিকে, চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে আজকের মতো সমস্যা মিটলেও, আগামিকাল কী হবে? উঠছে সেই প্রশ্ন। এ প্রশ্নের উত্তরে স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, নির্দিষ্ট মুদি দোকান থেকে ধারে জিনিস কিনে এনে মিড-ডে মিল পরিচালনা করবেন শিক্ষিকাদের কমিটি। মাস শেষে দোকানের বিল মেটানো হবে।
উল্লেখ্য, গতকালকের বাজারের তালিকায় কিন্তু ২৫ হাজার টাকার ডিম কেনার কথা লেখা ছিল, যদিও ছাত্রীরা পায়নি একটাও। ২৫৬ বস্তা চালেরও কোনো হদিশ মেলেনি এখনও অবধি। তাই গত কয়েক মাস ধরে মিড-ডে মিলে কখনও ফেনা ভাত, কখনও আলুসিদ্ধ ভাত খেয়েছে চুঁচুড়ার বালিকা বাণীমন্দির স্কুলের ছাত্রীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news