চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির উদ্দেশ্যে নাম পরিবর্তন করা হল মেট্রো স্টেশনের। এমনকি পুরো মেট্রো স্টেশনটি পরিচালনার দায়িত্ব দেওয়া হল রূপান্তরকামীদের।
বুধবার নয়ডা মেট্রো রেলওয়ে কর্পোরেশনের তরফে জানানো হয়, ‘অ্যাকুয়া লাইন’ নামে পরিচিত নয়ডা থেকে গ্রেটার নয়ডা রুটের সেক্টর-৫০ মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করা হল। এখন থেকে এই স্টেশন ‘রেনবো স্টেশন’ নামে পরিচিত হবে। এবং এই স্টেশন পরিচালনার দায়িত্বে থাকবেন তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীরা। এ প্রসঙ্গে নয়ডা মেট্রো রেলওয়ের ম্যানেজিং ডিরেক্টর রিতু মহেশ্বরী বলেন, “সমাজে রূপান্তরকামীরা পিছিয়ে পড়েছে। তাঁদের ক্ষমতায়ন দরকার। তাঁদেরকে সামনের সারিতে এনে কাজ করার সুযোগ দেওয়া উচিত। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি উত্তর ভারতের মধ্যে প্রথম মেট্রো স্টেশন, যেটি রুপান্তরকামীরা পরিচালনা করবে।”
‘রেনবো স্টেশন’ নামটির পিছনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা রয়েছে। সমর্থন করেছেন বহু সাধারণ মানুষ। ১৯ জুন প্রথমে ঠিক হয় তৃতীয় লিঙ্গ ও রূপান্তরকামীদের উদ্দেশ্যে সেক্টর-৫০ মেট্রো স্টেশনের পরিবর্তিত নাম রাখা হবে ‘শি ম্যান’ (She Man)। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news