চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চিনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)। কলকাতা-সহ দেশের সমস্ত বিমানবন্দর ও পোর্টে চিনা পণ্য খালাসে নিষেধাজ্ঞা জারি করল কাস্টমস। লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনের জবাবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দিন কয়েক আগেই অর্থনীতিতে চিনকে ধাক্কা দিতে তিন হাজার চিনা পণ্য বয়কট করার ডাক দিয়েছিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। টেক্সটাইল, বিল্ডার হার্ডওয়্যার, ফুটওয়্যার, গারমেন্টস, রান্নাঘরের জিনিস, লাগেজ, হ্যান্ড ব্যাগ, কসমেটিক্স , গিফট, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স জিনিসপত্র ইত্যাদি ভারত বয়কট করায় বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে।
ঠিক তার পরেই বিমানবন্দরে (Airport) চিনা পণ্য খালাসের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই সিদ্ধান্তের পরে ভারতকেও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে। কিন্তু বেপরোয়া প্রতিবেশী রাষ্ট্রকে জবাব দিতে এমন সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করছে নয়াদিল্লি। বর্তমানে ৩৫ কোটি টাকা মূল্যের ৪০ টন চিনা পণ্য কলকাতায় আটকে রয়েছে। কলকাতা বিমানবন্দর হয়ে চিন থেকে আসা ১৮ হাজার টন পণ্যের ৬৫ শতাংশই চিন থেকে আমদানি করা। এগুলির মধ্যেই বেশিরভাগই হচ্ছে ইলেক্ট্রনিক্স বস্তু, কাপড়, সুগন্ধি দ্রব্য, যন্ত্রাংশ ও প্লাস্টিকের বস্তু। খালাস না হওয়ায় বিমানবন্দরে গোডাউনে পড়ে রয়েছে চিনা পণ্যগুলি।
এয়ার কার্গো এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও কার্গো ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জয়দীপ রাহা বলেছেন, “কাস্টমসের তরফে পণ্য খালাসে জড়িত সমস্ত আধিকারিকদের অভ্যন্তরীণভাবে নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন চিন থেকে আসা পণ্য খালাস না করেন। যে পণ্যে ইতিমধ্যে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে সেগুলিকেও যেন খালাস না করা হয়। সমস্ত পণ্য ফের পরীক্ষা করে খালাস করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” কলকাতা ছাড়াও মুম্বই ও চেন্নাই বিমানবন্দর ও পোর্টে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news