নিজস্ব সংবাদদাতা:
ঠগ বাছতে গাঁ উজাড়! শহর কলকাতায় হ্যাসট্যাগ ‘মিটু’ ঝড়ে এবার অভিযুক্ত আবৃত্তিকার জগন্নাথ বসু। গত ২২ অক্টোবর নিজের ফেসবুক ওয়ালে জগন্নাথের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হলেন এক মহিলা।
প্রসঙ্গত, কদিন আগেই নাট্যকার সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নাটকের বিশেষ রকম প্রশিক্ষণ দেওয়ার নাম করে যৌন হেনস্থার অভিযোগ আনেন একাধিক তরুণী। অভিযোগ স্বীকার করেন সুদীপ্ত। তিনি গ্রেফতারও হন। এর কদিনের মধ্যে অভিযোগ ওঠে মহীনের ঘোড়াগুলি-খ্যাত রঞ্জন ঘোষালের বিরুদ্ধে। এক্ষেত্রে অভিযোগকারী রীতিমতো হাই প্রোফাইল। তিনি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনা মুখোপাধ্য়ায়। দেবলীনা রঞ্জনের বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ আনেন। যে প্রসঙ্গে মুখ খোলেন স্বয়ং শীর্ষেন্দু। সেই ধারাবাহিকতায় এবার মিটু অভিযোগে বিদ্ধ হলেন প্রখ্যাত আবৃত্তিকার তথা নাট্যশিল্পী জগন্নাথ বসু।

২২ অক্টোবর ফেসবুক পোস্টে জগন্নাথ বসুর বিরুদ্ধে অভিযোগ তোলেন এক মহিলা। মহিলার বক্তব্য, তাঁর যখন ২১ বছর বয়স, সে সময় এই আবৃত্তিকার তাঁর যৌন হেনস্থা করেন। মহিলা ফেসবুকে লেখেন, ‘সুদীপ্ত চট্টোপাধ্যায় আর রঞ্জন ঘোষালের ভণ্ডামি তো সবাই জানল। জগন্নাথ বসুকে নিয়ে কেউ কিছু বলবে না? দূরদর্শনের চাকরি আর কালচার ভাঙিয়ে কম করেছে নাকি লম্পট বুড়ো ভামটা? আরো অনেক মেয়ে ও মহিলার সাথে আমি নিজে ভুক্তভোগী, আমার একুশ বছর বয়সে। দায়িত্ব নিয়ে বলছি।’
এমন পোস্টের নীচে একাধিক কমেন্ট আসতে শুরু করে। এক মহিলা জগন্নাথ বসু দ্বারা আরও একজনের লাঞ্ছনার কথা বিস্তারে লেখেন। তার কথায়, ‘আমি তখন ক্লাস ইলেভেনে পড়ি। আমার ক্লাসের একটি মেয়ে জগন্নাথ বসুর কাছে আবৃত্তি শিখত। একদিন কলেজে এসে দেখি, ও ক্লাসরুমে বসে ভীষণ কাঁদছে , কোনও বন্ধুদের কাছে কিছুই বলছে না। আমাদের একজন প্রফেসর ওকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কথা বললেন, পরে ওর মা বাবাকেও ডেকেছিলেন। পরে জানলাম, উনি ওকে বলেছিলেন, ওর মধ্যে অনেক সম্ভাবনা, ওকে উনি আলাদা করে শেখাতে চান এবং প্রথম সুযোগেই ওকে শারীরিক ভাবে হেনস্থা করেছিলেন। ও ভয়ে লজ্জায় প্রায় অসাড় হয়ে গিয়েছিল। বাড়ি এসে এই ঘটনা ও মা কে বলে, কিন্তু ওর মা বাবা কেউই ওকে বিশ্বাস করেননি, উল্টে ওকেই বকাঝকা করেছিলেন। মেয়েটি অত্যন্ত সম্ভাবনাময় ছিল, কিন্তু এর পর থেকে ওর আবৃত্তি শ্রুতিনাটকের শিক্ষাতেই একটা ভীতি এসে যায়। মজার ব্যপার এটাই, ওর মা বাবা নিজের মেয়েকে বিশ্বাস না করে বিশ্বাস করলেন একটি তথাকথিত সেলিব্রিটিকে, কারণ ওই সেলিব্রিটি তকমাটাই এদের সব কিছু থেকে বাঁচায়।’
এই বিষয়ে জগন্নাথ বসুর কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news