নীল রায়।
সতর্কতামূলক কারণে গ্রেফতার করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহকে। সোমবার কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার আইন পাস করিয়ে নেয়। এমতাবস্থায় দুই রাজনীতিকের কর্মকাণ্ড অস্থিরতা তৈরি করতে পারে ভূস্বর্গের উপত্যকায়। সূত্রের খবর, তাই সতর্কতামূলক ভাবে গ্রেফতার করা হয়েছে ওই দুই নেতানেত্রীকে। যদিও তাদের রাখা হয়েছে সরকারি অতিথিশালায়।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর থেকে ৩৭০ ধারা ও ৩৫ এ আইন বাতিলের পক্ষে। এদিন তা কার্যকর হয়ে যাওয়ায় কাশ্মীরে নতুন করে গোলমাল পাকাতে পারে পাকিস্তান। সেই আশঙ্কা থেকে এই দুই নেতানেত্রীকে গ্রেফতার করা ছাড়াও আরও বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এমনিতেই শনিবার থেকে গৃহবন্দি করা হয়েছিল ওই দুজনকে।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের তীব্র বিরোধী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। আগাগোড়াই কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের তীব্র আপত্তি জানিয়ে আসছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স। ওমর আব্দুল্লাহ আবার একধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কেন্দ্র কাশ্মীরের থেকে ৩৭০ ধারা বিলোপ করলে তার বিরুদ্ধে আদালতে যাবেন তিনি। এমনিতেই ৪০ হাজারেরও বেশি সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কাশ্মীরে। তা সত্বেও পরিস্থিতি যাতে কোনওভাবে যাতে হাতের বাইরে না যায়। সেই কারণেই এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news