নীল রায়। লোকসভা ভোটে গোহারার পর এই প্রথম পুরুলিয়া জেলার বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে বিধানসভায় নিজের ঘরে বৈঠকে পুরুলিয়ার বিধায়করা ছাড়াও হাজির ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আইনমন্ত্রী মলয় ঘটক। পুরুলিয়া আসনে হারের জেরে মন্ত্রী তথা জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর ডানা ছাঁটা গিয়েছে। দফতরবিহীন মন্ত্রী হয়ে গিয়েছেন তিনি। কিন্তু দায়িত্বে থাকা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও শাস্তি হয়নি। শুধুমাত্র বাঁকুড়া ও পুরুলিয়া জেলার দায়িত্ব তাঁর হাত থেকে নিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েছেন মমতা। এদিনের বৈঠকে বিধায়কদের থেকে হারের কারণ জানতে চাইলেও, তাতে অভিষেকের কোনও ভূমিকা রয়েছে কিনা তা জানতে চাননি তৃণমূল নেত্রী। বরং এত পরিষেবা দিয়েও কেন ভোট পাওয়া গেল না? তা নিয়েই চেপে ধরেছিলেন বিধায়কদের। আধ ঘণ্টার এই বৈঠকে বিধায়করাও আমতা আমতা করে নেত্রী প্রশ্নের জবাব দিয়েছেন। বৈঠকে যোগদান করা এক বিধায়কের কথায়, “বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। নেত্রী শুধুমাত্র ভালো করে কাজ করতে বলেছেন।” পুরুলিয়া আসনে হারের অন্যতম কারণ যে ভাইপো তা ভালই বোঝেন তৃণমূলের পুরুলিয়ার নেতারা। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news