প্রসেনজিৎ মাহাতো:
(ব্রাজিল: ২ (জেসুস, ফিরমিনো) আর্জেন্টিনা: ০)
ম্যাচ শেষে তখন তিনি হতাশার মহাসমুদ্রে ডুবে। দেশের জার্সিতে এবারেও ট্রফি অধরা। চূড়ান্ত ব্যর্থতার পর আর্জেন্টিনাতে একটা প্রশ্ন নিয়ে যে জোর চর্চা শুরু হবে, তা সকলেরই জানা ছিল। মেসির কি এবার জাতীয় দল থেকে সরে দাঁড়ানো উচিত? প্রশ্নটা মেসিকে বিদ্ধ করে। করারই কথা। তবু, তিনি তো মেসি। ক্লাব ফুটবলে সাফল্যের চূড়ান্ত সীমায় থাকেন। কিন্তু দেশের জার্সিতে এমন কেন?
ব্রাজিলের কাছে ০–২ হেরে কোপা বিসর্জনের পর মেসি সময় চেয়ে নিলেন, ‘না, এখনই অবসর নয়। জাতীয় দলকে সাহায্য করতে চাই। টিমটা খুব ভাল।’ তিনি আরও বলেন, ‘দলটার ভবিষ্যৎ রয়েছে। প্রতিভা রয়েছে। সাফল্য পেতে শুধুমাত্র সময় দিতে হবে। ছেলেরা জাতীয় দলকে খুব ভালবেসে সেরাটা উজাড় করে দিচ্ছে। সঠিক রাস্তাতেই এগোচ্ছি আমরা। প্রতিকূলতার মধ্যে এই স্টেডিয়ামে খেলেছি। ওরা ফাইনালে উঠেছে, এটা কোনও ব্যাপার নয়। দিনের শেষে ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবতে হবে।’
ব্রাজিলের প্রশংসা প্রাপ্য। কোচ তিতে সুন্দর পরিকল্পনা করে ম্যাচ বার করলেন। নেইমারহীন দলকে ফাইনালে তুললেন। মেসির পায়ে বল গেলেই তিন-চারজন কভারিংয়ে চলে আসছিলেন। সেই জাল কেটে ৫৭ মিনিটে মেসির শট সাইড পোস্টে লাগে। মিডফিল্ডের কোনও সাহায্য পাননি মেসি। গোটা ম্যাচে ব্রাজিলের পাসের রংমশাল জ্বলেছে। কোচ তিতের কোচিংয়ে ব্রাজিল বদলে গেছে। ম্যাচে দানি আলভেস দুরন্ত। নেতার মতোই পারফরমেন্স। প্রথম গোলের ক্ষেত্রে তাঁর অবদান প্রচুর। ১৯ মিনিটে ফিরমিনোর বাড়ানো বল থেকে জেসুস, দ্বিতীয়ার্ধে জেসুসের পাস থেকে ফিরমিনোর গোলে জয় সুনিশ্চিত করে। আলভেস বলেন, ‘অনেকেরই আমাদের দলের প্রতি আস্থা কম ছিল। কিন্তু নিজেদের ওপর আমাদের বিশ্বাস ছিল। আমরা জানতাম, আমরা পারব।’ আর্জেন্টিনা কোচ স্কালোনির ক্ষোভ রেফারিং নিয়ে, ‘ফাইনালে যাওয়ার জন্য আমরাই যোগ্য। কোনও সন্দেহ নেই। কিন্তু, কিছু সময় ফুটবলে এমন কিছু ঘটে যা সঠিক নয়।’ আর্জেন্টিনার কোচ থেকে ফুটবলার রেফারিং নিয়ে বিরক্ত।
তবে মূল প্রশ্নটা এই লেখার শুরুতেই তোলা হয়েছে। ক্লাবে সাফল্য, কিন্তু দেশের হয়ে বার বার…? সমালোচকেরা এরপর বলবেনই মেসি আর যাই হোন মারাদোনা নন। সতীর্থরা পাশে না দাঁড়ালে তিনি কতকটা অক্ষম! কিন্তু মারাদোনা আর মেসির সময়ের ট্যাকটিকাল ফুটবলের যে বিস্তর ফারাক, তা কি ভুলে যাব আমরা? এই তর্ক-বিতর্ক চলতে থাক। কিন্তু বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা ভক্তদের জন্য আশার কথা একটাই—এই গ্রহের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার দেশের হয়ে খেলা ছাড়ছেন না এখনই। সে সমালোচকেরা বাঁ পায়ের ‘ঈশ্বর’কে যতোই কঠিন সব বাক্যবাণে বিদ্ধ করুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news