নীল রায়।
“স্ত্রীরোগ” মন্তব্য নিয়ে ফেসবুকে সাফাই দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার তার একটি সুদীর্ঘ ফেসবুক পোস্ট প্রকাশ্যে আসে। যেখানে তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। কোনওভাবে মহিলাদের অপমান করার কোনও অভিসন্ধি ছিল না, নেই-ও। ফেসবুক পোস্টে পার্থ জানিয়েছেন, “মহিলাদের অপমান নয়, বরং সম্মান করার শিক্ষাই ছোট থেকে পেয়ে এসেছেন।” সেখানে যেভাবে তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, তাতে তিনি মর্মাহত।
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই মিউচুয়াল ট্রান্সফারে প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, “বিশেষ করে রয়েছেন এত মহিলা শিক্ষিকা, তাঁরা এত বেশি স্ত্রী-রোগে ভুগছেন, আমি নিজেই আতঙ্কিত।” তাঁর এমন মন্তব্যে নজরুল মঞ্চ উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা হাততালি দিলেও, সময় বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র সমালোচনা। প্রশ্ন ওঠে, রাজ্যের শিক্ষামন্ত্রীর কিভাবে স্কুল শিক্ষিকাদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন? যার পরিপ্রেক্ষিতে এদিন সকাল সকাল ফেসবুকে পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন বেহালা পশ্চিমের বিধায়ক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news