নিজস্ব সংবাদদাতা। বিজেপি নেতা মুকুল রায়কে প্রথমে নিজের বাড়িতে লুচি আলুর দম খাইয়ে, পরে অনুষ্ঠান বাড়িতে পাশাপাশি বসে খিচুড়ি বেগুন ভাজা খেয়ে দলের অস্বস্তি বাড়িয়েছেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। এবার সেই অস্বস্তির তালিকায় নতুন সংযোজন। সোমবার দুপুরে বোর্ড মিটিং ডাকা হয়েছিল বিধাননগর কর্পোরেশনের সদর দফতরে। কিন্তু সেখানে উপস্থিতই হলেন না মেয়র সব্যসাচী দত্ত-সহ ২৫ কাউন্সিলর। ১৬ জন কাউন্সিলর হাজির ছিলেন ওই বৈঠকে। জানা গিয়েছে, তাঁদের নিয়ে বৈঠক করছেন কর্পোরেশনের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। অনুপস্থিতির কারণ জানতে মেয়রকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি ! তাই জানা সম্ভব হয়নি অনুপস্থিত কাউন্সিলররা কী তাঁর দিকে কিনা! সব্যসাচী দত্ত তৃণমূল রাজনীতিতে বরাবরই মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। কিন্তু, মুকুল রায় দলত্যাগ করে বিজেপিতে চলে গেলেও তৃণমূলে থেকে যান সব্যসাচী। কিন্তু, সম্প্রতি মুকুল রায়ের সঙ্গে বারবার প্রকাশ্য মেলামেশা করায় তৃণমূল নেতৃত্বর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। লোকসভা ভোটেও বিধাননগরে যেমন কোনও দায়িত্ব পাননি, তেমনই নিজের বিধানসভা কেন্দ্র রাজারহাট নিউটাউনের ভোটেও ক্ষমতাহীন ছিলেন সব্যসাচী। তবে কর্পোরেশনের সভায় মেয়রের অনুপস্থিতি প্রসঙ্গে চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, “মেয়র অসুস্থ তাই আসতে পারেননি। আমাকে ফোন করে জানিয়েছেন। বাকি যে কাউন্সিলররা আসেননি, তাঁরা ব্যাক্তিগত সমস্যার জন্য আসনেনি। কেউ চিঠি দিয়ে, কেউ এসএমএস করে তা জানিয়েছেন।” এমনটা দাবি করে কৃষ্ণা চক্রবর্তী দলের অস্বস্তি ঝেড়ে ফেলার চেষ্টা করলেও, সব্যসাচীকে নিয়ে দলের অস্বস্তি প্রকট হয়েছে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের মেয়রের প্রতি আক্রমণাত্মক মন্তব্যে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news