নিজস্ব প্রতিনিধি।
কেউ কেউ বলছেন, পাওয়ারে (ক্ষমতায়) না থাকলে বাড়িতে পাওয়ারও (বিদ্যুৎ) থাকে না। কেউ আবার বলছেন, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার বুঝলেন কত ধানে কত চাল। হাসি মসকরার বন্যা বইয়ে দিচ্ছেন নিন্দুকরা। আর এসবেরই কেন্দ্রে রয়েছেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী (Mayawati)।
ব্যাপারটা খোলসা করে বলা যাক। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেটার নয়ডার বাড়িতে বৃহস্পতিবার বিদ্যুৎসংযোগ কেটে দেন বিদ্যুৎ দফতরের কর্তারা।শুধু সংযোগ ছিন্ন করা নয়, বাড়ির গেটে লটকেও দিয়ে যান সংযোগ বিছিন্ন করার কারণ। প্রায় ৬৭ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে মন্ত্রীর নামে। এমন ঘটনা যে হতে পারে তা দুঃস্বপ্নেও ভাবতেও পারেন নি মায়াবতীর পরিবারের লোকেরা। তড়িঘড়ি ৫০ হাজার টাকা বিদ্যুৎ অফিসে জমা করেন তাঁরা। টাকা পেয়ে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বাকি টাকাও মিটিয়ে দিতে বলা হয় যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু ততক্ষণে সাংবাদিক থেকে সোস্যাল মিডিয়া, খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। শুরু হয়ে যায় হাসাহাসি আর বিদ্রুপ।কিছুদিন আগেই বিজেপি আর কংগ্রেসকে কয়েনের এপিঠ ওপিঠ বলেছেন মায়াবতী। নাগরিকত্ব আইন নিয়েও বিজেপির বিরোধিতা করেছেন।
এই ঘটনা কি তারই প্রতিশোধ ?এসব কথা উড়িয়ে দিয়েছেন লখনউ এর বিদ্যুৎ দফতরের পদস্থ আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন বিল বকেয়া রাখলে সব ক্ষেত্রেই সংযোগ বিছিন্ন করা হয়। মায়াবতী তার ব্যতিক্রম নন। এর মধ্যে রাজনীতির কোনও গন্ধ নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news