নীল বণিক:
পশ্চিমবঙ্গে নাকি এবার থেকে ৯৮কেই ১০০ হিসেবে মানা হবে। নতুন অংক রাজ্যবাসীকে মানতেও হবে। হতে পারে সব ক্ষেত্রেই ২ বছর করে কম গোনা হল। ধরুণ, আপনার ৩৮ বছর মানে আপনার বয়স ৪০। বিষয়টা ধাঁধাঁর মতো হলেও এই নিয়ম অদূর ভবিষ্যতে লাগু হতেই পারে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ৯৮কে ১০০হিসেবে মান্যতা দিচ্ছেন। একই কারণে মতুয়া সম্প্রদায়ের শ্রদ্ধেয় বড় মা’র শতবর্ষ পালন করা হবে এবছরেই, এমনটা বলছেন বিজেপির দুই শীর্ষ রাজ্য নেতা মুকুল রায় ও দিলীপ ঘোষ। বীনাপাণি দেবীর ৯৮তে শতবর্ষ পালন নিয়ে মুকুল রায় আজ বলেন, এরাজ্যে এটা এখন নতুন নিয়ম। যেমন মুখ্যমন্ত্রী ২৫-এর বদলে ২৪-এ বৈশাখেই রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দেন। যেমন পুজো সংখ্যা পুজোর আগেই বেরিয়ে যায়, তেমন আর কী। তবে এটা ঠিক হচ্ছে না। লোকসভা ভোটের আগে যেভাবে ৯৮ বছর বয়স্ক বড় মা’র শতবর্ষ পালন করতে উঠে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী তা দৃষ্টিকটু রাজনীতি। মনে রাখতে হবে বড় মা শুধু মতুয়া সম্প্রদায়ের কাছেই নয়, গোটা রাজ্যের মানুষের কাছেই শ্রদ্ধেয়, সেই তাকে নিয়ে রাজনীতি করা মানে মতুয়া সম্প্রদায়কে অপমান করা, এমনটাই মুকুলের মত।
অন্য দিকে একই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, একশো বছরে এক শতাব্দী হয়। তৃণমূলের রাজত্বে ৯৮ বছরেই এক শতাব্দী পালন হচ্ছে। তাও রাজ্যবাসীকে মুখবন্ধ করে মানতে হচ্ছে! দিলীপ আরও বলেন, তৃণমূলের এই নাটক গোটা দেশজুড়ে সাধারণ মানুষ প্রথমবার দেখছে। দিলীপ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমরা অনেক কিছু প্রথমবার দেখেছি। যেমন পিতৃপক্ষেই দুর্গাপূজার সূচনা, কালীপুজোর এক সপ্তাহ আগে কালীপুজোর উদ্বোধন। ঠাকুর বিসর্জন কবে হবে সেটাও আগে থেকে ঠিক করে দেওয়া। এবার বড় মা’র জন্মতিথি কবে সেটাও ‘উনি’ ঠিক করে দিচ্ছেন!
দিলীপেরও বক্তব্য, মতুয়া সমাজকে অপমান করা হচ্ছে। তিনি বলেন, মতুয়া সমাজকে অপমান করার কোনও অধিকার তৃণমূলের নেই। কিন্তু রাজ্যের শাসক দল তা করে চলেছেন। আসলে মুখ্যমন্ত্রী নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news