নিজস্ব সংবাদদাতা:
ঝাড়গ্রাম, ৩ অক্টোবর: জঙ্গলমহলে মাওবাদি আন্দোলনের সময় মৃত ও নিখোঁজদের পরিবারের যৌথ মঞ্চ আজ ঝাড়গ্রামের শিলদাতে মিছিল ও পথ অবরোধ করে। ৯ দফা দাবির ভিত্তিতে লালগড়, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি ও জঙ্গলমহলের অন্যান্য ব্লকের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা এই মিছিল ও পথ অবরোধ কর্মসূচিতে সামিল হন। মাওবাদি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগলির যৌথ মঞ্চের ঝাড়গাম জেলার সম্পাদক শুভঙ্কর মন্ডল বলেন, ২০০৫ সালের পর থেকে এ রাজ্যের জঙ্গলমহলে মাওবাদি আন্দোলন পর্বে প্রায় ২৭৪ জন মানুষ খুন ও নিখোঁজ হন। মৃতদের পরিবার পিছু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি করে চাকরি ও আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। প্রশাসনিক দপ্তরে গেলেও এই সমস্ত পরিবারগুলির কথা কেউ শুনতে চান না। এই জন্য ৯ দফা দাবির ভিত্তিতে আজ পথে নেমে আন্দোলন করতে হচ্ছে পরিবারগুলোকে। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল, মাওবাদি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কৃষি ও ব্যাংক ঋণ মুকুব করা, মৃতদের পরিবারগুলিকে কেন্দ্র থেকে ১০ লক্ষ টাকা এবং রাজ্য থেকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়া, পরিবারপিছু একজনের চাকুরির ব্যবস্থা করা, পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনায় সহায়তা করা এবং নিখোঁজদের মৃত ঘোষণা করে শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করা।
এ দিন শিলদা বাজারে এক পথসভায় মাওবাদি হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারগুলিকে বঞ্চিত রেখে হত্যাকারী মাওবাদিদের সরকারি চাকুরি সহ অন্যান্য সহযোগিতা দেওয়ার সমালোচনা করেন মঞ্চের নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news