Breaking News
Home / TRENDING / মনমোহনের ‘মিমিক্রি’ অতীত, প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশে থেকে কংগ্রেসকে বার্তা মমতার!

মনমোহনের ‘মিমিক্রি’ অতীত, প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশে থেকে কংগ্রেসকে বার্তা মমতার!

নীল রায়:

“দি এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার” ছবিতে দেশের প্রাক্তন সজ্জন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ঘিরে ঘটে যাওয়া সত্যকে বিকৃত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ দ্বিতীয় ইউপিএ সরকার ছেড়ে বেড়িয়ে আসার পরে সেই সজ্জন প্রধানমন্ত্রীকেই “মিমিক্রি” করে দেশজুড়ে বির্তক তৈরি করেছিলেন তৃনমুল নেত্রী স্বয়ং। সেই ঘটনার পর কালীঘাটের আদি গঙ্গা তথা পাঞ্জাবের পঞ্চনদ দিয়ে কয়েক লক্ষ কোটি গ্যালন জল প্রবাহিত হয়ে গিয়েছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতার আসার পর তাঁর সামনে এখন ২০১৯। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলই এখন উঠে পড়ে লেগেছে মোদীকে ক্ষমতাচ্যূত করতে। সব দলই নিজের নিজের মতো করে মোদীকে সরিয়ে নিজ নিজ স্থান পাকা করতে চাইছে লোকসভা ভোটে। রাহুল গাঁধী যেমন রাজ্যে রাজ্যে প্রচার করে মোদী হারানোর ছক কষছেন। তেমনই দেশবাসীর কাছে নিজের ক্ষমতা জাহির করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ব্রিগেড সমাবেশের। আগামী ১৯ জানুয়ারি সেই ব্রিগেড সমাবেশের যোগ দিতে আসবেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের এই সমাবেশে যোগ দেবেন ২০টি রাজনৈতিক শক্তি। তাতে যেমন রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, এন চন্দ্রবাবু নাইডু, কুমারস্বামীর মতো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তেমনই থাকবেন অখিলেশ যাদব, ফারুক আব্দুল্লাহ, শরদ পাওয়ার, শরদ যাদবরা। সুত্রের খবর, আমন্ত্রণ পাঠালেও এখনও এআইসিসি নেতৃত্ব সমাবেশে যোগদানের নিশ্চয়তা দেয়নি তৃণমূল নেতৃত্বকে। মনে করা হচ্ছে, সমাবেশে কংগ্রেসের প্রতিনিধিত্ব পাকা করতেই “দি এক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার” ছবি প্রসঙ্গে প্রতিবাদী মনোভাব দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের বক্তব্য, আঞ্চলিক শক্তিগুলি যতই কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী লড়াইয়ের কথা বলুক না কেন? তারা সকলেই জানেন, কংগ্রেস ছাড়া দিল্লিতে বিজেপি বিরোধী বিকল্প সরকার গঠন করা সম্ভব নয়। কিন্তু আঞ্চলিক দলগুলি চায় বিকল্প সরকার পরিচালনার রাশ নিজেদের হাতে রাখতে। তাই তারা কোনওভাবেই চায় না নরেন্দ্র মোদীর মতো রাহুল গাঁধীর হাতেও “ম্যাজিক ফিগার” থাকুক। এ নিয়ে কংগ্রেস ও আঞ্চলিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে দড়ি টানাটানি চলছেই। যার জেরে উত্তরপ্রদেশের জোটে কংগ্রেসকে বাদ দিয়েই সপা-বসপা ৩৮টি করে আসন ভাগ করে নিয়ে লোকসভা ভোটে জোট ঘোষণা করে দিয়েছে। সেই কায়দায় বাংলায় মমতাও বহু আগে থেকে ৪২টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন, একেবারে অঙ্ক কষেই।

গোবলয়ের তিন রাজ্যে বিজেপিকে হারিয়ে আত্মবিশ্বাসী রাহুল গাঁধীও আরও বেশ কয়েকটি বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে ছাড়াই লোকসভা ভোটের ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছেন। তাতে যেমন বাদ পড়েছেন মায়াবতী-অখিলেশ, তেমন বাদ পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এআইসিসির শীর্ষ নেতা আহমেদ প্যাটেল ও গুলাম নবি আজাদদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও এখনও ব্রিগেড সমাবেশের জন্য কংগ্রেসের পক্ষ থেকে সম্মতি আদায় করতে পারেননি বাংলার দিদি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় “দ্য এক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার” নিয়ে বিজেপির কৌশলের বিরুদ্ধে সরাসরি মনমোহন সিং ও ঘুরপথে কংগ্রেসের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বিভিন্ন জনসভা ব্রিগেডে যোগদানকারী দলগুলির নাম বলছেন,যাতে কংগ্রেস নেই। এখন দেখার বিষয় এই যে এক সময় মনমোহন সিংকে “মিমিক্রি” করা মমতার পাশে থাকার বার্তা পেয়ে এআইসিসি ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড আমন্ত্রণ নিয়ে কী সিদ্ধান্ত নেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *