দেবক বন্দ্যোপাধ্যায়
মঞ্জু কাণ্ডে উদ্ভুত রহস্যের মধ্যেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে নেতৃত্বের পাঠ দিলেন অভিজ্ঞ রাজনীতিক মুকুল রায়। ‘কোচ’ মুকুল ‘ক্যাপ্টেন’ দিলীপকে কি ভাবে কি শেখালেন সে কথায় আসার আগে একবার মঞ্জু-রহস্যটি দেখে নেওয়া যাক।
মঞ্জু বসুর নাম বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির তালিকায় প্রকাশ পাওয়ার খবর মুকুল রায় পান সাংবাদিকদের কাছ থেকে। নিজাম প্যালেসে বসে মুকুল যখন এই খবর পাচ্ছেন তখন তাঁর সামনে রাজ্যের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের একাধিক সাংবাদিকও উপস্থিত ছিলেন। খবরটি পেয়েও মুকুল খবরটি বিশ্বাস করতে পেরেছেন বলে, তাঁকে দেখে মনে হয়নি। এমনটাই বক্তব্য তাঁর সঙ্গে সেই সময় যাঁরা ছিলেন তাঁদের। তাঁর ধারণায় যে অন্য নাম ছিল সে কথাও জানান মুকুল।
রবিবার বিকেলবেলা নিজাম প্যালেসে এমনই দৃশ্যের অবতারণা হল। এই দৃশ্যের কিছুক্ষন পরেই মঞ্জু বসু সংবাদমাধ্যমকে জানাবেন তিনি কোথাও যাচ্ছেন না।
মঞ্জু বসুর নাম প্রার্থী তালিকায় ওঠার কথা শুনে যিনি অবাক হলেন, তিনি রাজ্যের দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।
এছাড়াও দলের প্রাথমিক সদস্য না হয়েও কী করে মঞ্জুর নাম নাড্ডার প্রার্থী তালিকায় উঠে পড়ল সেই প্রশ্ন এখনও ঝুলে রয়েছে।
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যা বললেন তিনি মঞ্জুর ব্যাপারে কিছুই জানতেন না। রাজ্য সভাপতি কেন কিছুই জানতেন না সেই প্রশ্ন যেমন উঠেছে তেমনই দিলীপ যেভাবে মঞ্জু-ম্যাসাকারের দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলেছেন তা নিয়েও বিজেপির অন্দরেই একটি বড় প্রশ্ন উঠেছে। প্রশ্নটি হল, রাজ্য সভাপতি, যিনি এই রাজ্যে দলের প্রধান নেতা, তিনি কী ভাবে দায় এড়াতে পারেন! আর ঠিক এই জায়গাতেই অভিজ্ঞ মুকুল দিলেন মাস্টার স্ট্রোক। সোমবার, ধুলাগড়ের সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল নিজের ভুল স্বীকার করে নিলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, “মঞ্জু বসু নিয়ে যা হল, অনেকে বলছেন তাতে আপনার মুখে চুনকালি পড়ল। কি বলবেন?” মুকুলের ঝটিতি উত্তর, “হতেই পারে। আমার অ্যাডভেঞ্চারিজমের জন্যে এমনটা হয়েছে।”
মুকুলের এই নিজের ভুল স্বীকার করে পুরো ঘটনার দায় নিজের কাঁধে তুলে নেওয়ার এই মনোভাব বিজেপির দিল্লির নেতৃত্ব সদর্থক ভাবেই নিচ্ছে। তাঁরা মোটের ওপর বলছেন, ‘মুকুলজী অভিজ্ঞ নেতা। দলের ভাল মন্দ যাই হোক নেতার উচিত বুক চিতিয়ে সামনে দাঁড়ানো। মুকুলজী সেটাই করেছেন।”
“কোচ কি তাহলে ক্যাপ্টেনকে শেখাল নেতা কেমন হওয়া উচিত?”
উত্তরে অবশ্য মৌনই রইলেন মুকুল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news