চ্যানেল হিন্দুস্থান, নিউস ডেস্ক-
তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) জেল হেফাজত থাকাকালীন ফের জরিমানা করল কলকাতা হাইকোর্ট ।
বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। মানিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে কারণ হিসেবে উঠে এসেছে, ২০১৭ সালের সহিলা পারভিন নামে এক টেট পরীক্ষার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তিনি দাবি করেছেন, তথ্যের অধিকার আইনের আওতায় তার ওএমআর শিট চেয়ে আবেদন জানিয়েছিলেন।
এর জন্য নির্ধারিত টাকা দিয়ে এই আবেদন জানিয়েছিলেন কিন্তু সহিলা পারভিনের অভিযোগ, তাকে যথাযথ ওএমআর শিট দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ।
সহিলা পারভিন অভিযোগ করছেন, সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, তাই এদিন মামলার শুনানিতে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে পাঁচ লাখ টাকা জরিমানা করলো কলকাতা হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সেই টাকা জমা দেওয়ার নির্দেশ পর্যন্ত দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তিনি অভিযোগ করেন, ” আমি ২০১৭ সালে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু তার ফলাফল জানতে পারেনি, আর তা জানতে চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু সেই সময় পর্ষদের তরফে জানানো হয়েছিল, ৫০০ টাকা ড্রাফট কেটে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে। সেই মতো আবেদন জানানো সত্বেও আমাকে বলা হয়, সঠিক ফরম্যাটে অ্যাপ্লাই করা হয়নি। কিন্তু, যে ফরম্যাটে আমি আবেদন করেছি, সেটি ছাড়া আর কোনও ফরম্যাট নেই। সেই কারণে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।”
প্রসঙ্গত, মানিক ভট্টাচার্যকে জরিমানা এই প্রথম নয়, এর আগেও আদালত প্রাক্তন পর্ষদ সভাপতিকে বহু বার জরিমানা দিতে হয়েছে। এক চাকরিপ্রার্থী অভিযোগ তুলেছিলেন, ৮ বছর পরও পরীক্ষার ফল জানায়নি পর্ষদ, সেই সময়েও পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। সেই অভিযোগের ভিত্তিতে মানিক ভট্টাচার্যকে ২ লাখ টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news