Breaking News
Home / TRENDING / কলঙ্কিত স্মৃতিকে ভুলতে চাইছে মঙ্গলকোটের শিমুলিয়া গ্রাম

কলঙ্কিত স্মৃতিকে ভুলতে চাইছে মঙ্গলকোটের শিমুলিয়া গ্রাম

 

অভিজিৎ ঘোষ, মঙ্গলকোট:
বছরখানেক আগেই উঠে গেছে পুলিশ ক্যাম্প। দেখা নেই কেন্দ্রীয় তদন্তকারী দল এনআইএ-র। আনাগোনা নেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। মঙ্গলকোটের শিমুলিয়ার সেই মাদ্রাসা, এখন একপ্রকার ধ্বংসস্তুপ। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার পরেই উঠে এসেছিল শিমুলিয়ার মাদ্রাসার নাম। এই মাদ্রাসায় বসেই নাশকতার ছক কষেছিল জামাত জঙ্গিরা। ২০১৪ সালে ২ অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার পরেই মাদ্রাসা ছেড়ে পালিয়ে গিয়েছিল জঙ্গিদের অন্যতম মূলমাথা ইউসুফ শেখ। তারপর থেকে শিমুলিয়ার মাদ্রাসায় ছিল পুলিশি ঘেরাটোপ ও এনআইএ-র নজরদারিতে। সাড়ে তিনবছর পেড়িয়ে গেল। অজয় নদে অনেক জল বয়ে গেছে। শিমুলিয়ায় ইউসুফের হাতে তৈরি মাদ্রাসা এখন ইতিহাস। ২০১৪ সালের ২ অক্টোবর। দুপুর ১২:১৫ নাগাদ বর্ধমান শহরের খাগড়াগড়ে দোতলা একটি বাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে। দুজন জঙ্গির ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল। পরেরদিনেই তদন্তকারী আধিকারিকদের কাছে পরিস্কার হয়ে যায় এই জঙ্গিচক্রের জাল বহুদূর বিস্তৃত। উঠে আসে শিমুলিয়া মাদ্রাসা ও ইউসুফ বোরহানদের নাম। শিমুলিয়া গ্রামে বোরহান শেখদের দেওয়া জায়গার ওপর তৈরি হয়েছিল মাদ্রাসাটি। মাটির তৈরি দেওয়াল। খড়ের ছাউনি। এই মাদ্রাসাই ছিল, জঙ্গি তৈরির কারখানা। খাগড়াগড় কাণ্ডের তদন্তভার এনআইএ হাতে নেওয়ার পর শিমুলিয়া মাদ্রাসায় তাঁরা দফায় দফায় তদন্তে আসে। তখন থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। ইতিমধ্যে খাগড়াগড় কাণ্ডে জড়িতদের অধিকাংশই ধরা পড়েছে। শিমুলিয়া মাদ্রাসায় তদন্তের কাজও শেষ হয়ে গেছে অনেক আগেই। জানা গেছে প্রায় এক বছর আগেই পুলিশ ক্যাম্প উঠে গেছে শিমুলিয়া মাদ্রাসা থেকে। এখন মাদ্রাসা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই মাদ্রাসা প্রথম থেকেই এড়িয়ে চলতেন তাঁরা। মাদ্রাসায় সাধারণের ঢোকার অধিকারও ছিল না। তাই অনেক কিছুই অজানা ছিল গ্রামবাসীদের কাছে। আজ সেই পুরানো ইতিহাসের নিদর্শন হিসাবে দাঁড়িয়ে রয়েছে কয়েকটা খুঁটি। মাদ্রাসার শৌচাগারটি ইঁটের গাঁথনি থাকায়, সেটি টিকে রয়েছে। আর অক্ষত রয়েছে লোহার পাতের তৈরি সদর দরজাটি। তবে দরজাটির পাশে যে ঘরটিতে পুলিশ ক্যাম্প ছিল সেই ঘরটিও এখন ভেঙে পড়ছে। আর মাদ্রাসার চর্তুদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁদের ব্যবহৃত জামাকাপড় ও বিছানা। তবে এই মাদ্রাসার ধ্বংসস্তুপের আশেপাশের জমিতে এবার গড়ে উঠছে বসতি। আর এখন সেই কলঙ্কিত স্মৃতিকে ভুলতে চাইছে মঙ্গলকোটের শিমুলিয়া গ্রাম।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *