নিজস্ব সংবাদদাতা:
বাংলার রূপকার বিধান চন্দ্র রায় রাজ্যের জন্য কিছুই করেননি, মমতার এহেন বক্তব্যে ফুঁসে উঠলেন সোমেন মিত্র। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুর্গাপুরের একটি নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানচন্দ্র রায় রাজ্যের জন্য কিছুই করেননি। পরে বলেন, দু’একটা কাজ করেছিলেন। মমতার দাবি, বাংলার জন্য যা করার তা তিনিই করেছেন।
বর্তমান মুখ্যমন্ত্রীর এহেন উক্তিতেই ফুঁসে ওঠেন বর্ষীয়ান কংগ্রেস নেতা, রাজ্য কংগ্রেসের সভাপতি তথা বাংলার রূপকার বিধান চন্দ্র রায়ের জীবনীকার সোমেন মিত্র। সোমেনের বক্তব্য, ‘বাংলার ইতিহাসের সম্পর্কে ওঁর কোনও ধারনা নেই বলেই এসব বলছে। বিধানচন্দ্র রায় কী করেছেন তা জানার জন্য বাংলার ইতিহাসটা পড়তে হয়। পড়াশুনোর তো ধার ধারেন না মমতা!’ মমতার উন্নয়ন প্রসঙ্গে সোমেনের বক্তব্য, ‘কয়েকটা বাড়ি প্লাস্টার আর নীল-সাদা রঙ করা ছাড়া তো কিছুই করেননি মমতা। তাঁর আমলে প্রভাবশালী হয়েছে সিন্ডিকেট, কোনও সরকারি দফতরে ঘুষ ছাড়া কাজ হয় না। অতএব সেই মমতা বাংলার রূপকার বিধানচন্দ্র রায়কে নিয়ে এর চেয়ে বেশি কী-ই বা বলতে পারে!’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news